
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আরও দুই আসামি গতকাল শনিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আত্মসমর্পণ করা দুই আসামি হলেন টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান ওরফে রানার ঘনিষ্ঠ সহযোগী নাসিরুদ্দিন নুরু ও সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান।
মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান ২২ মাস পলাতক থাকার পর গত রোববার আত্মসমর্পণ করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, নুরু ও মাসুদুর গতকাল সকালে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আমানুরের বিচারের দাবিতে স্থানীয় আওয়ামী লীগের একাংশ এবং তাঁর মুক্তির দাবিতে আওয়ামী লীগের আমানুরের সমর্থক অংশ গতকাল বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় সভা আহ্বান করে। এ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত হামিদপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন। সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন থাকে। ফলে সেখানে কেউ সভা করতে পারেনি। তবে আমানুরের সমর্থকেরা ১৪৪ ধারা এলাকার বাইরে কদমতলী এলাকায় তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
পরে রাতে আমানুরের বিচারের দাবিতে সোচ্চার স্থানীয় আওয়ামী লীগের একাংশ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে ঘাটাইলের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশের তদন্তে ফারুক আহমেদ হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসার পর ২০১৪ সালের নভেম্বরে তাঁরা আত্মগোপনে যান।