চুয়াডাঙ্গায় স্কুলছাত্র মাহফুজ আলম সজীবকে অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলায় আরও দুই আসামি গত বুধবার গভীর রাতে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ নিয়ে এ মামলার ছয়জন আসামির মধ্যে তিনজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলেন।
সর্বশেষ নিহত দুজন হলেন চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবিপাড়ার সবুজ হোসেন (২১) ও জেলার দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার শাকিল হোসেন (২৩)। এর আগে গত ১৮ সেপ্টেম্বর এ মামলার প্রধান আসামি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিবুল ইসলাম (২৮) র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
র্যা ব বলেছে, বুধবার দিবাগত রাত পৌনে তিনটায় দামুড়হুদার দর্শনা শান্তিপাড়া বাইপাস সড়কে তাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সবুজ ও শাকিল নিহত হন। মামলার বাকি তিন আসামির মধ্যে মো. মামুন (২৪) ৯ সেপ্টেম্বর র্যা বের হাতে আটকের পর বর্তমানে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক রয়েছেন। অপর দুজন পলাতক।
র্যা ব-৬-এর ঝিনাইদহের কোম্পানি অধিনায়ক মেজর মনির আহমেদের ভাষ্যমতে, নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার গভীর রাতে র্যা বের টহল গাড়ি দর্শনা শান্তিপাড়ায় যায়। তখন র্যা বের গাড়ি লক্ষ৵ করে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। র্যা বও পাল্টা গুলি ছোড়ে। পরে বাইপাস সড়কের পাশ থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে তাঁদের স্বজন ও প্রতিবেশীরা লাশ শনাক্ত করেন।
র্যা ব বলেছে, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান, চারটি গুলি ও চারটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে সবুজ ও শাকিলের লাশ দামুড়হুদা মডেল থানায় পাঠানো হয়। বেলা পৌনে একটা পর্যন্ত লাশ দুটি থানা চত্বরে রাখা হয়। এ সময় উৎসুক শত শত মানুষ লাশ দেখতে সেখানে ভিড় জমায়। বেলা দুইটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়।
দুজনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত বিশ্বাস। তিনি বলেন, দুজনেরই পেছন থেকে গুলি লেগেছে। শাকিলের বুক ফুঁড়ে দুটি গুলি বেরিয়ে গেছে। সবুজের শরীরে একটি গুলি রয়ে গেছে।
প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে নিহত দুজনের পরিবারের কেউ ‘বন্দুকযুদ্ধে’র বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
দামুড়হুদা সদরের দশমীপাড়া ব্রিজ মোড় এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজকে গত ২৯ জুলাই অপহরণ করা হয়। অপহরণের পর দুর্বৃত্তরা পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৩১ আগস্ট র্যা ব চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবিপাড়ার একটি কারখানার সেপটিক ট্যাংক থেকে মাহফুজের গলিত লাশ উদ্ধার করে। ১৮ সেপ্টেম্বর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ইউপি সদস্য রাকিবুল ইসলাম ওই কারখানার মালিক ছিলেন।
মাহফুজ অপহরণ ও হত্যার ঘটনায় তাঁর মামা আবদুল হালিম ৩১ আগস্ট দামুড়হুদা মডেল থানায় রাকিবুলসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বন্দুকযুদ্ধে’ দুজনের নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলাসহ দুটি মামলা করার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।