সিলেটের শিশু শেখ মো. সামিউল আলম রাজনকে (১৪) হত্যা মামলার আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার জবানবন্দি দেওয়া ওই দুই আসামি হলেন নূর আহমদ (২৪) ও দুলাল আহমদ (৩২)।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে নূর আহমদ ভিডিও ধারণ করার পুরো বর্ণনা দেন। সৌদি আরবে পুলিশ হেফাজতে থাকা কামরুল ইসলামের নির্দেশেই তিনি ভিডিও ধারণ করেন বলে জানান। নির্যাতন চলাকালে সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের নামও বলেছেন তিনি। অন্যদিকে দুলাল আহমদ ঘটনার সময় শুধু উপস্থিত ছিলেন জানিয়ে জবানবন্দিতে পুরো ঘটনার বর্ণনা দেন। দুজনের জবানবন্দিতে ঘটনার বর্ণনার সঙ্গে ভিডিওচিত্রের মিল রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
এদিকে এ নিয়ে গতকাল পর্যন্ত তিনজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। গত সোমবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এজাহারভুক্ত অন্যতম আসামি চৌকিদার ময়না মিয়া। সামিউল হত্যার ঘটনায় এ পর্যন্ত ১০ জন আসামি ধরা পড়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আদালত সূত্র জানায়, গতকাল বিকেলে সিলেট মহানগর হাকিম আদালতে নূর আহমদ ও দুলাল আহমদ জবানবন্দি দেন। মহানগর হাকিম মো. আনোয়ারুল হক দুজনের জবানবন্দি রেকর্ড করেন। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ জানান, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত জবানবন্দি গ্রহণ হয়। শেষে আদালত থেকে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সামিউল হত্যার আসামিদের পালিয়ে যেতে সহায়তাকারীদের চিহ্নিত করে তাঁদের বিচারের দাবি উঠেছে। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে আসামিদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ উঠেছে। সামিউলকে হত্যার ঘটনাস্থল সিলেট শহরের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকাসহ সংশ্লিষ্ট এলাকা ঘুরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হত্যাকাণ্ডের পর আসামিদের পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। এই সহায়তাকারীদেরও বিচারের দাবি তুললেন তাঁরা। এই দাবিতে আন্দোলনের প্রস্তুতিও চলছে। এ সপ্তাহে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করে মাঠপর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে। এতে শুধু ঘটনাস্থল কুমারগাঁও কিংবা রাজনের গ্রামের বাড়ি নয়, জালালাবাদ থানা এলাকার মানুষকে সম্পৃক্ত করা হবে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ৮ জুলাই খুঁটির সঙ্গে সামিউলকে বেঁধে রোলার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই সামিউলকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে। সামিউলের লাশ ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন মুহিত আলম (৩৫)। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
প্রথম ভিডিওচিত্রের সূত্র ধরে ১২ জুলাই প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।