আরও দুই কর্মকর্তা ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় গ্রেপ্তার আরও দুই কর্মকর্তাকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

গতকাল গ্রেপ্তার বিমানের প্রকৌশলী নাজমুল হক ও টেকনিশিয়ান শাহ আলমকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক মাহবুব আলম। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলায় গ্রেপ্তার সাতজন বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এস এ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন রিমান্ড শেষে বর্তমানে কারাগারে আছেন। আত্মসমর্পণকারী অপর দুই আসামি বাংলাদেশ বিমানের প্রকৌশলী মো. রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান সাত দিনের রিমান্ডে রয়েছেন।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।

ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৮ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। গত ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ১৪ ডিসেম্বর বরখাস্ত হন বিমানের তিন প্রকৌশলী ও ২০ ডিসেম্বর রাতে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ নয়জনকে আসামি করে এ মামলা করা হয়।