আরও দুই ক্লোন চা উদ্ভাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ ফলনশীল ও গুণগত মানসম্পন্ন চা উৎপাদনে ভূমিকা রেখে চলেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউশন (বিটিআরআই)। প্রতিষ্ঠানটি উচ্চ ফলনশীল ও গুণগত মানসম্পন্ন আরও দুটি নতুন ক্লোন চা উদ্ভাবন করেছে।
বিটিআরআই সূত্রে জানা গেছে, চা-শিল্পের সার্বিক উন্নয়নে কেন্দ্রটি এর আগে ১৮টি ক্লোন চা উদ্ভাবন করে। এই ক্লোন চা উচ্চ ফলনশীল, আকর্ষণীয় ও গুণগত মানসম্পন্ন। এ ধারায় নতুন দুটি ক্লোন ১৯ ও ক্লোন ২০ যুক্ত হচ্ছে। এ পর্যন্ত উদ্ভাবিত ক্লোন চায়ের গড় উৎপাদন হেক্টরপ্রতি তিন হাজার কেজির বেশি এবং সর্বোচ্চ রেকর্ড ফলন চার থেকে পাঁচ হাজার কেজি। এ পর্যন্ত তিন ধরনের উন্নত জাতের বাইক্লোনাল (দুই জাতের বীজের ক্লোন) ও একধরনের পলিক্লোনাল (দুইয়ের অধিক বীজের ক্লোন) বীজ উদ্ভাবন করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ২৩ সেপ্টেম্বর নতুন ক্লোন ১৯ ও ক্লোন ২০ চা শ্রীমঙ্গলে বিটিআরআই কেন্দ্রে উন্মুক্ত করার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
বিটিআরআই ও চা-বাগান সূত্রে জানা গেছে, বাংলাদেশে ১৬৫টি চা-বাগান রয়েছে। এর মধ্যে মৌলভীবাজারেই আছে ৯২টি। যে কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৯৫৭ সালে চা-শিল্পের সার্বিক উন্নয়ন ও বিপণনের লক্ষ্যে পাকিস্তান চা গবেষণা স্টেশন (পিটিআরএস) কার্যালয় স্থাপন করা হয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথমে বাংলাদেশ চা-গবেষণা স্টেশন (বিটিআরএস) এবং ১৯৭৩ সালে বিটিআরআই পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে উন্নীত হয়। সেই থেকে বিটিআরআই বাংলাদেশ চা-বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।
১৯৮৭ সালে এই প্রতিষ্ঠানের সঙ্গে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যুক্ত হন বর্তমান পরিচালক মাইনউদ্দীন আহমেদ। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি প্রথম আলোকে বলেন, চা-উৎপাদনের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে মশা, লাল মাকড়, উইপোকাসহ অন্যান্য অনেক মৌসুমি ক্ষতিকর পোকামাকড়, যা চায়ের উৎপাদনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। বিষয়টি নিয়ে তিনি দ্য পেস্ট ম্যানেজমেন্ট নামের একটি গবেষণাগ্রন্থ লিখেছেন। তাঁর উদ্ভাবনী প্রযুক্তি বা কৌশল হলো চায়ের কোন জাতে উইপোকা কম ধরে তা খুঁজে বের করা। চায়ের নতুন আবাদ এলাকায় উইপোকা আছে কি না, থাকলে কী ধরনের উইপোকা আছে তা শনাক্ত করা। এরপর চা-গাছ রোপণ করা। রাসায়নিক কীটনাশক ব্যবহার করে উইপোকার রানিকে ধ্বংস বা বিনষ্টের কৌশল নির্ণয় করা। ভূমির গঠনশৈলী বুঝে কোন মাটিতে চা-গাছের কোথায় উইপোকা কেমন ধরে, তা বুঝে নির্বাচিত জাত রোপণ করা। চায়ের ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও তা সরেজমিনে ব্যবহার করা।