আরও দুই নাবিকের মরদেহ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে গত ৪ জুলাই দুর্ঘটনাকবলিত বাংলাদেশি জাহাজ ‘এমভি হোপের’ নিখোঁজ ছয় নাবিকের মধ্যে দুজনের মরদেহ শনাক্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নৌবাণিজ্য অধিদপ্তরের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাহাজ মালিকপক্ষ।
এই দুজন হলেন নাবিক আলী হোসেন এবং দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন। আলী হোসেনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে এবং নেজাম উদ্দিনের বাড়ি আনোয়ারায়। জাহাজ মালিকপক্ষ জানায়, গত ২০ জুলাই মালয়েশিয়ার লংকাউই উপকূলে জেলেরা দুজনের মৃতদেহ উদ্ধার করেন। এরপর স্থানীয় পুলিশ মরদেহ দুটি মালয়েশিয়ার আলোর সেতার এলাকায় অবস্থিত সুলতানা বাহিয়া হাসপাতালের হিমাগারে রাখে।
খবর পেয়ে জাহাজ মালিকপক্ষের প্রতিষ্ঠান জেএস শিপিং লিমিটেডের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মোহাম্মদ আলী মরদেহ দুটি থেকে উদ্ধার হওয়া কাগজপত্র শনাক্ত করে নিশ্চিত হন।
জাহাজ মালিকের মুখপাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের বলেন, দুটি মরদেহ হোপের নাবিক হিসেবে আমরা মোটামুটি নিশ্চিত। অধিকতর নিশ্চিত হতে দুজনের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে মালয়েশিয়ায় পাঠানো হবে।