জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান
আরও দুই নির্বাচনে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে সিপিবি-বাসদ
দুই বাম দলের নেতারা আরও দুটি জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার বিষয়ে আদালত যে পরামর্শ দিয়েছেন, তা বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাদের সঙ্গে বৈঠককালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা এই আহ্বান জানান।
বৈঠকে বিএনপি, সিপিবি ও বাসদ সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হয়েছে। রাত পৌনে আটটায় শুরু হয়ে বৈঠক প্রায় রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে।
পরে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিপিবি-বাসদের সব প্রস্তাবে তাঁর দলের নেতা একমত না হলেও সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচনের ব্যাপারে একমত হন।
সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানও বক্তৃতা করেন। মুজাহিদুল ইসলাম জানান, দুই বাম দলের পক্ষ থেকে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। দেশের মঙ্গলের কথা ভেবে আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক ইস্যুতে ছাড় দিতে হবে। কে কাকে ফোন করবেন, সেই প্রটোকল নিয়ে চিন্তিত না হয়ে সংকট সমাধানে দুই পক্ষকেই আন্তরিক হতে হবে।
খালেকুজ্জামান বলেন, নির্বাচন না হলে দেশ গভীর খাদে পড়ে যাবে। তাই দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি হচ্ছে। এমন কিছু হলে প্রধান দুই রাজনৈতিক দলই দায়ী থাকবে। কারণ তারাই দেশের
বেশিসংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করছে।
দুই বাম দলের পক্ষ থেকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের নিন্দা জানানো হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি ও মঈন খান; সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ, উপদেষ্টা মনজুরুল আহসান খান, হায়দার আকবর খান রনো, বাসদের রাজেকুজ্জামান, বজলুর রশীদ প্রমুখ।