আরও দুই পত্রিকার বিরুদ্ধে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে আরও দুটি পত্রিকার বিরুদ্ধে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এ রুল দেন। একই অভিযোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সাধারণ সম্পাদককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে গতকাল দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। এরপর আদালত অবমাননার অভিযোগে ২ মার্চ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে ৬ মার্চ মিজানুর রহমান খানকে আদালতে হাজির হতে বলা হয়। ওই দিন প্রথম দিনের মতো শুনানি হয়। গতকালও নির্দেশনা অনুসারে মিজানুর রহমান খান আদালতে হাজির হন। বেলা সোয়া দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার পর তাঁকে বসার জন্য চেয়ার দেওয়া হয়। আদালতে প্রথম আলোর পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক।
গতকাল দ্বিতীয় দিনের শুনানির শুরুতেই আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ সমকাল ও নয়া দিগন্ত পত্রিকায় ছাপা হওয়া দুটি প্রতিবেদন আদালতের নজরে আনেন। তিনি বলেন, বিচারাধীন বিষয়ে বিবৃতি বা মন্তব্য না ছাপার বিষয়ে আদালত সতর্ক করে দিলেও পত্রিকা দুটি তা মানেনি। এ ছাড়া এতে তাঁর বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।
সমকাল-এর দ্বিতীয় পৃষ্ঠায় গতকাল ‘রোকনউদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদ বিভিন্ন সংগঠনের’ এবং নয়া দিগন্ত-এর শেষ পৃষ্ঠায় ‘রোকনউদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদ ডিআরইউর’ শীর্ষক দুটি প্রতিবেদন ছাপা হয়।
পরে আদালত সমকাল ও নয়া দিগন্ত পত্রিকার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল দেন। আর বিবৃতিদাতা সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানকে আগামী বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এরপর শুনানিতে অংশ নেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, জয়নুল আবেদীন, আখতার হামিদ, মো. আসাদুল্লাহ, সালাউদ্দিন দোলন, আহসানুল করিম ও রুহুল কুদ্দুস কাজল।
পরে শাহদীন মালিক রুলের জবাব দেওয়ার জন্য সময়ের আরজি জানান। আদালত আজ সোমবার বেলা সোয়া দুইটার মধ্যে রুলের জবাব দাখিল করতে বলেন।