বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলার তৃতীয় দিনেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান পরিচালনা করেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা এবং বন্যাপ্রবণ এলাকায় প্রকল্পের কাজ করায় দুটি কোম্পানির স্টল থেকে প্রকল্পের কাগজপত্র একেবারেই সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরিয়ে না নিলে আজ রোববার কোম্পানি দুটির স্টল বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া সতর্ক করে দেওয়া হয়েছে আরও কয়েকটি কোম্পানিকে।
মেলায় রাজউকের অভিযান সম্পর্কে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, আইন এবং বিধি অনুযায়ী কাজ করলে রাজউক রিহ্যাব এবং ল্যান্ড অ্যাসোসিয়েশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। মেলায় ব্যাঘাত ঘটানো নয়, সফলতাই রাজউকের কাম্য।
গতকাল শনিবার মেলায় গিয়ে দেখা যায়, গত শুক্রবার যেসব কোম্পানি তাদের স্টলে অ্যাপার্টমেন্ট ও প্লট—দুটিরই ব্রুশিয়র প্রদর্শন করছে, তারা অনেকটাই সতর্ক হয়ে গেছে। বিশেষ করে বিকেল সোয়া পাঁচটার দিকে রাজউকের অভিযানকারী দলের মেলায় আসার খবর পেয়ে অনেক কোম্পানি স্টল থেকে প্লটের কাগজপত্র লুকিয়ে ফেলে। পরে অনুমোদিত নকশা দেখাতে না পারায় এবং বিপজ্জনক এলাকায় প্রকল্পের কার্যক্রম চালানোয় দুটি কোম্পানির নির্ধারিত প্রকল্পের কার্যক্রম বন্ধ করতে বলা হয়। এগুলো হলো কনফোর্ড হোল্ডিং লিমিটেডের সাভার হেমায়েতপুরে বাস্তবায়নাধীন প্রকল্প এবং ভিশন ২১-এর প্রকল্প।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম মারুফ হাসান প্রথম আলোকে বলেন, কনফোর্ড হোল্ডিং সাভারের হেমায়েতপুরে যে প্রকল্পটি বাস্তবায়ন করছে, তা বন্যাপ্রবণ এলাকায় পড়েছে। ভিশন ২১-এর প্রকল্পের অনুমোদনই নেই। এ ছাড়া গতকাল ইম্পিরিয়াল গ্রুপ, প্যারাডাইজ রিয়েল এস্টেট প্রকল্প, রেইনবো লি. ও গ্রীনল্যান্ড বিল্ডার্সকে প্লট প্রকল্পের কার্যক্রম বন্ধ করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। অ্যাপার্টমেন্ট প্রকল্পগুলোর বিষয়ে অভিযানকারীদের অভিযোগ কম। তবে বনানীতে জেনেটিক লি. যে শপিং কমপ্লেক্স নির্মাণ করছে, তা নকশা অনুযায়ী করা হচ্ছে না। নকশার সংশোধন না হওয়া পর্যন্ত প্রচার কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার মেলা শুরুর পরই রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পক্ষ থেকে পাঁচটি কোম্পানিকে সতর্ক করে দিয়ে কাগজপত্র জমা দিতে বলা হয়। কোম্পানিগুলো হলো বসুকুঞ্জ, রূপান্তর ডিজাইন হাউজিং, লোটাস ডিজাইন ডেভেলপমেন্ট, রিচমন্ড হোল্ডিং ও ভিশন ২১ হোল্ডিং।
গতকাল মেলা চলে বেলা একটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত। পাঁচ দিনের মেলা শেষ হবে আগামীকাল সোমবার।