আরও দুই প্রত্যক্ষদর্শীর জবানবন্দি
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় করা মামলায় দুজন প্রত্যক্ষদর্শী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ রোববার ঢাকার দুজন মহানগর হাকিম তাঁদের জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দি দেওয়া দুজন হলেন ফায়রুজ মালিহা ও তাহানা তাসমিয়া।
এই মামলায় এর আগে আরও নয়জন প্রত্যক্ষদর্শী আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আজ পুলিশের পক্ষ এই দুই তরুণীকে আদালতে হাজির করা হয়। পরে জবানবন্দি রেকর্ড করা হয়।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া প্রথম আলোকে বলেন, হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় দুজন আজ আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আদালত সূত্র বলছে, এই দুই তরুণী সেদিন ওই রেস্তোরাঁয় ইফতার করতে যান।
১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। হামলায় ওই রেস্তোরাঁয় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন।