আরও দুই বাংলাদেশি নাবিকের লাশ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে গত ৪ জুলাই আংশিক ডুবে যাওয়া বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি হোপ’ জাহাজের নিখোঁজ ছয় নাবিকের মধ্যে দুজনের লাশ শনাক্ত করা হয়েছে।
শনাক্ত হওয়া ওই দুই নাবিক হলেন আলী হোসেন ও দ্বিতীয় প্রকৌশলী মো. নেজাম উদ্দিন।
আজ সোমবার জাহাজমালিকের মুখপাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলো ডটকমকে এ কথা  জানান।তিনি বলেন, জুলাই মাসেই মালয়েশিয়ার জেলেরা তাঁদের উপকূল থেকে দুজনের লাশ উদ্ধার করেন।এ খবর পেয়ে সম্প্রতি লাশ দুটি শনাক্ত করতে ক্যাপ্টেন মোহাম্মদ আলী নামের একজনকে পাঠানো হয়।তিনি লাশ দুটি ‘এমভি হোপ’ জাহাজের নাবিকদের বলে নিশ্চিত করেছেন।তবে আরও তদন্তের জন্য তাঁদের ডিএনএ পরীক্ষা করার পর দেশে ফিরিয়ে আনা হবে।তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
গত ৪ জুলাই ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাইল্যান্ডের ফুকেত দ্বীপের কাছাকাছি সাগরে জাহাজটি কাত হয়ে যায়।এ সময় ক্যাপ্টেন জাহাজটি বিপজ্জনক মনে করে পরিত্যক্ত ঘোষণা করলে নাবিকেরা সাগরে ঝাঁপ দেন।এ ঘটনায় সে সময় ১৭ জন নাবিকের মধ্যে নয়জনকে জীবিত ও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এমভি হোপ জাহাজটি মালয়েশিয়ার লুমুট বন্দর থেকে ছয় হাজার ৫৪৫ টন সিরামিক তৈরির কাঁচামাল ‘বল ক্লে’ নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল।প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের ওই জাহাজটির মালিক বাংলাদেশি প্রতিষ্ঠান ট্রেডব্রিজ শিপিং লাইন লিমিটেড।