আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো আসলাম চৌধুরীকে
এবার দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে। গতকাল মঙ্গলবার মতিঝিল ও লালবাগ থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ৩০ মে আসলামের উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানির দিন ঠিক করেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের অতিরিক্ত কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল আসলামকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে মতিঝিল ও লালবাগ থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত গ্রেপ্তার দেখিয়ে ৩০ মে রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে ১৫ মে খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।