রেলওয়ের পূর্বাঞ্চলে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে করা আরও দুটি মামলার অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাসহ আটজনকে অভিযুক্ত করে গতকাল বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করেন দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।
রেলওয়ের টুলকিপার ও টিকিট ইস্যুকার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে রাশেদুর রেজা ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ দুটি মামলা করেন। এর আগে মৃধার বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির তিনটি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুদক।
মুখ্য মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী নূরে হুদা অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত ২০ অক্টোবর অভিযোগপত্র দুটি গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১০ সালের ২৮ অক্টোবর রেলের টুলকিপার পদে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১১ সালের এপ্রিলে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। চাকরিপ্রার্থী এস এম আজিজুল হক ৬০ নম্বরের পরীক্ষায় ১৭ পেয়ে অকৃতকার্য হলেও নম্বর বাড়িয়ে ৩২, এ এস এম সাইদুর রহমানের নম্বর সাড়ে ২৬ থেকে বাড়িয়ে ৩১, রবিউল হাসানের ১৮ থেকে বাড়িয়ে ৩০ এবং আশ্রাফুল ইসলামের সাড়ে ৯ থেকে বাড়িয়ে ৩০ করে তাঁদের কৃতকার্য দেখানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, তদন্তে দেখা যায়, ইউসুফ আলী মৃধা, রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যন্ত্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী ও সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ক্ষমতার অপব্যবহার করে লিখিত পরীক্ষার খাতা ঘষামাজা করে অকৃতকার্য ওই চার প্রার্থীকে কৃতকার্য দেখান। গতকাল মৃধাসহ রেলের তিন কর্মকর্তা এবং ওই চার প্রার্থীকে আসামি করে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
রেলের টিকিট ইস্যুকার পদে লিখিত পরীক্ষায় প্রার্থী শাহীন শাহ ২৬ নম্বর পেলেও ইউসুফ মৃধা, রেল কর্মকর্তা হাফিজুর রহমান ও গোলাম কিবরিয়া খাতা ঘষামাজা করে তাঁর নম্বর ৩০ দেখান। তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় মৃধাসহ রেলের তিন কর্মকর্তা ও প্রার্থী শাহীন শাহের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন ইউসুফ মৃধা।