আরও দুই মামলায় তিন ছাত্র রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার তিন ছাত্রের (গত মঙ্গলবার তাঁদের ছাত্রত্ব বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলায় তিন দিন ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গত বছরের ৬ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন জেএমবির চট্টগ্রামের ‘সামরিক প্রধান’ মো. জাবেদ। এ ঘটনায় হত্যা ও পুলিশের কাজে বাধা দেওয়ায় থানায় দুটি পৃথক মামলা হয়। দুই মামলায় জেএমবির এই তিন সদস্যকে গ্রেপ্তার দেখাতে গত শনিবার আদালতে আবেদন করা হয়। একই সঙ্গে দুটি মামলাতেই পৃথকভাবে তিনজনের ১০ দিন করে রিমান্ডেরও আবেদন করা হয়।
গতকাল শুনানিকালে গ্রেপ্তার তিনজনকে জেএমবির সদস্য নয় বলে দাবি করেন তাঁদের আইনজীবী এনামুল হক। একই সঙ্গে বায়েজিদ বোস্তামী থানার দুই মামলায় গ্রেপ্তার না দেখানো এবং রিমান্ড বাতিলের আবেদন জানান তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলায় প্রত্যেকের তিন দিন করে এবং পুলিশের কাজে বাধাদানের মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বায়েজিদ বোস্তামী থানার দুটি মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম গতকাল বিকেলে আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে জানান, কয়েক দিনের মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে নিয়ে যাওয়া হবে।
গতকাল দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিন আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিচারকের আদেশের পর তাঁদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
হাটহাজারী থানার পুলিশের করা অস্ত্র মামলায় তিন আসামির রিমান্ড আবেদনের বিষয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আজ সোমবার শুনানি হতে পারে।
গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকায় জেএমবি চট্টগ্রামের প্রধান ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসা থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরকসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করে পুলিশ।