আরও দুই মামলায় রিজভীর জামিন
মতিঝিল থানায় নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে নাশকতার ১৯টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন রিজভী।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তাঁকে সহযোগিতা করেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
পরে সগীর হোসেন প্রথম আলোকে বলেন, রুহুল কবির রিজভীকে ১৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর আগে তিনি ১৭টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এবার আরও দুটি মামলায় তাঁকে হাইকোর্ট জামিন দিলেন। তবে এর মধ্যে দুটি মামলায় তাঁকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। তাই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩০ জানুয়ারি ভোররাতে গ্রেপ্তারের পর রিজভীকে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত শনিবার রিজভীকে হাইকোর্টের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয়।