আরও দুই মোড়ে সিসি ক্যামেরা

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরের জিন্দাবাজার থেকে চৌহাট্টা মোড় পর্যন্ত ১২টি সিটি ক্যামেরা স্থাপনের পর এবার মহানগর পুলিশ উদ্যোগী হয়ে নাইওরপুল ও শাহজালাল উপশহর মোড়ে উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরা স্থাপন করেছে। গতকাল মঙ্গলবার থেকে নগরের ব্যস্ততম দুই মোড়ে সিসি ক্যামেরার কার্যক্রম আনুষ্ঠানিক সূচনা করা হয়।
দুটি স্থানে সিসি ক্যামেরা স্থাপনে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা করেছে গ্লোবাল ট্রেড করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। দুই স্থানের কমপক্ষে কোয়ার্টার কিলোমিটার এলাকার নজরদারি গতকাল থেকে পুলিশ কমিশনারের কার্যালয় থেকে হচ্ছে।
নাইওরপুল মোড়ে স্থাপন করা সিটি ক্যামেরাটি আশপাশ এলাকাসহ মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তরের প্রায় কোয়ার্টার কিলোমিটার এলাকার দৃশ্যায়ন হবে। শাহজালাল উপশহর মোড় সিসি ক্যামেরাটি অভিজাত কয়েকটি রেস্তোরাঁ এলাকার সম্মুখভাগ, সিলেট ল কলেজসহ আশপাশের কোয়ার্টার কিলোমিটার এলাকার দৃশ্য ধারণ করতে পারবে। পর্যায়ক্রমে নগরের আরও ১০টি মোড়ে গ্লোবাল ট্রেড করপোরেশনের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে মহানগর পুলিশ জানায়।
গ্লোবাল ট্রেড করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মশনুল করিম চৌধুরী গতকাল সকালে সিসি ক্যামেরার কার্যক্রম মহানগর পুলিশের কমিশনার মো. মিজানুর রহমানের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন। এ সময় মহানগর পুলিশের উপকমিশনার রুকনউদ্দিন আহমদ, উপকমিশনার (সদর) আকরাম হোসেনসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার জানান, সিসি ক্যামেরার আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে সফলতা আসবে।