সুনামগঞ্জের ধরমপাশায় ট্রলারডুবির ঘটনায় আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাওরে ভাসমান অবস্থায় দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রমিন আক্তার রনি (১৩) ও নবম শ্রেণীর শিক্ষার্থী জরিয়া আক্তার (১৪)। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা ১৬তে দাঁড়াল।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোর ছয়টায় শৈলচাপড়া হাওরের দুর্ঘটনাস্থল থেকে কিছুটা পশ্চিমে ভাসমান অবস্থায় প্রমিন আক্তার ও জরিয়ার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা প্রথম আলোকে জানান, গতকাল যে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের পরিবারকেও উপজেলা প্রশাসন থেকে দুই হাজার ও জেলা প্রশাসন থেকে তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে। সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের সবার পরিবারের মধ্যে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেছেন। এ ছাড়া এখানকার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শিগগিরই একটি ট্রলার দেওয়ার ব্যবস্থা করবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন। এদিকে গতকাল বেলা সাড়ে ১১টায় নিহত শিক্ষার্থীদের স্মরণে পৃথকভাবে বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা ও মিলাদ মাহফিল করা হয়। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান জানান, ঘটনাস্থল থেকে গত বুধবার সন্ধ্যায় ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রাম থেকে গত মঙ্গলবার সকালে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার বাদশাগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হয়। ঝোড়ো বাতাসের কবলে পড়ে সকাল সাড়ে নয়টায় সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে ট্রলারটি ডুবে যায়।