আরও দুই সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করতে আরও দুই সপ্তাহ সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের চার সপ্তাহ সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহ সময় দিয়েছেন। সেই সঙ্গে ২০ আগস্ট পরবর্তী দিন রেখেছেন।

বিধিমালা নিয়ে আলোচনায় বসার বিষয়ে গতকাল শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, ‘শুনেছি উনি (আইনমন্ত্রী) অসুস্থ। কিন্তু কোন হাসপাতালে, তার খোঁজ পাইনি। আমরা কি বাসায় গিয়ে দেখে আসব? এখানে আমার ব্যক্তিগত কিছু নেই। উনি অসুস্থ। আমরা বসব, উনি আসবেন। তা না হলে আমি এক কথা বলব, উনি এক জায়গায় আরেক কথা বলবেন। এ নিয়ে তখন ফাঁক থেকে যাবে।’

কয়েক দফা সময় নেওয়ার পর গত ৩০ জুলাই রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক সপ্তাহ সময় দিয়েছিলেন। মন্ত্রণালয় থেকে দেওয়া বিধিমালার খসড়া পর্যালোচনা করে এর কয়েকটি অসংগতি তুলে ধরে সেদিন প্রধান বিচারপতি বলেছিলেন, বিধিমালার যে খসড়া আইন মন্ত্রণালয় দিয়েছে, তা উল্টো। এ বিষয়ে সিদ্ধান্ত আসতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে গত সপ্তাহে বেলা দুইটার পর যেকোনো সময় আলোচনায় বসার বিষয়ে বলেছিলেন। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি ওঠে। সকালে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চার সপ্তাহ সময়ের আবেদন দাখিল করেন। এরপর শুনানিতে অংশ নিয়ে রিট আবেদনকারী পক্ষের (মাসদার হোসেন) কৌঁসুলি এম আমীর-উল ইসলাম বিধিমালা প্রণয়ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

পরে এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট বিধিমালার খসড়া করে তা রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। রাষ্ট্রপতি ওই খসড়ার ভিত্তিতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করবেন। পরে তা গেজেট আকারে প্রকাশিত হবে।

 ৩১ জুলাই এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানিয়েছিলেন, বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান বিচারপতির সঙ্গে বসবেন। তবে আইনমন্ত্রী অসুস্থ থাকায় ওই দিন বসা হয়নি। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন আপিল বিভাগ।