আরও দুই সীমান্ত হাট
ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তে গড়ে উঠছে আরও দুটি সীমান্ত হাট। সঙ্গে সীমান্ত হাটে ক্রয়-বিক্রয়ের ঊর্ধ্বসীমাও বেড়ে দ্বিগুণ হচ্ছে। বাড়ছে দোকানির সংখ্যাও।
বর্তমানে বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়ার বিপরীতে ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরে এবং কুমিল্লার তারাপুরের বিপরীতে সিপাহিজলার কমলাসাগরে দুটি সাপ্তাহিক সীমান্ত হাট বসে। সরকারি তথ্য অনুয়ায়ী, ২০১৬-১৭ ভারতীয় অর্থবছর (এপ্রিল-মার্চ) শ্রীনগর-ছাগলনাইয়া সীমান্তহাটে মোট ৪ কোটি ৭৪ লাখ রুপির ব্যবসা হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৩৮ লাখ রুপির ভারতীয় পণ্য এবং ১ কোটি ২৬ লাখ রুপির বাংলাদেশি পণ্য বিক্রি হয়েছে। অন্যদিকে তারাপুর-কমলাসাগরে ব্যবসা হয়েছে ৬ কোটি ৪৭ লাখ রুপি। ভারতীয় পণ্য ৫ কোটি ৮৮ লাখ এবং বাংলাদেশি পণ্য ৫৯ লাখ রুপির বিক্রি হয়।
উভয় পারের ব্যবসায়ীদের উৎসাহে বেচাকেনার সীমা দ্বিগুণ করা হচ্ছে বলে জানিয়েছেন সীমান্ত হাট নিয়ে ত্রিপুরা সরকারের ভারপ্রাপ্ত আধিকারিক অনির্বাণ দত্ত। শুক্রবার প্রথম আলোকে তিনি জানান, বর্তমানে একজন ক্রেতা সর্বাধিক ১০০ মার্কিন ডলার মূল্যের জিনিস হাট থেকে কিনতে পারেন। এটা বাড়িয়ে করা হয়েছে ২০০ ডলার। সেই সঙ্গে হাটে উভয় পারের ২৫ জন ব্যবসায়ীর বদলে এখন থেকে ৫০ জন করে ব্যবসায়ী পসরা সাজিয়ে বসতে পারবেন বলে উভয় হাট কমিটিই সম্মত হয়েছে।
অনির্বাণের দেওয়া তথ্য অনুযায়ী, ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে আরও দুটি হাট অচিরেই শুরু হবে। একটি হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুরমাঘাটের বিপরীতে ত্রিপুরার ধলাই জেলার কমলপুরে। ৬ জুন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা শাসক মীর মহম্মদ মাহবুর রহমান এবং ধলাইয়ের অতিরিক্ত জেলা শাসক ডি কে চাকমা এই হাট নিয়ে বৈঠক করেন। বৈঠকে ঠিক হয়েছে, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলেই ভারত সরকারের ২ কোটি ৩৮ লাখ রুপি খরচ করে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তর ৭৫ বর্গমিটার জমির ওপর হাটের পরিকাঠামো নির্মাণ করবে। জমি চিহ্নিত করণের কাজও শেষ বলে জানান অনির্বাণ। সঙ্গে যোগ করলেন ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে জমির সমস্যা নেই। বাংলাদেশের দিকে চা-এর জন্য লিজ দেওয়া সরকারি জমি ফিরিয়ে নিয়ে নির্মাণকাজের জন্য তুলে দেওয়ার প্রতিশ্রুতিও মিলেছে বৈঠকে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে এখানে হাট বসবে বুধবার।
অপর হাটটি হচ্ছে মৌলভীবাজারেরই পশ্চিমবটুলি এবং উত্তর ত্রিপুরার রাগনার পালবস্তিতে। ৫ জুন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা শাসক রহমান এবং উত্তর ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসক বিমল রিয়াংসহ হাট কমিটির লোকজন ভাগ্যপুরে বৈঠক করেন। বৈঠকে ঠিক হয়েছে সোম ও বৃহস্পতিবার বসবে হাট।
অরিন্দম জানান, জমি অধিগ্রহণ হয়ে গেলেই হাট নির্মাণের কাজ ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তর। পরিকাঠামো নির্মাণের খরচ সব ক্ষেত্রেই বহন করবে ভারত সরকার।