আরও দুই স্থানে এসিড-সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘জাগো মানুষ, রোখো এসিড-সন্ত্রাস’ এ স্লোগানকে সামনে রেখে গত সোমবার এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল শোভাযাত্রা ও মুক্ত আলোচনা সভার আয়োজন করে। এসব অনুষ্ঠানে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সহযোগিতা করেন। আমাদের আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর: দিনাজপুর: দুপুর ১২টায় দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বন্ধুসভার সভাপতি এখলাস-উর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মাওজা বেগম, মায়া চক্রবর্তী, আঞ্জুয়ারা বেগম, মো. গোলাম রসুল। বিদ্যালয় প্রাঙ্গণে ‘তোমার প্রিয় নারী’ শীর্ষক রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী ১৬ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া বন্ধুসভার উদ্যোগে এসিড সার্ভাইভারসদের অংশগ্রহণে শহরে শোভাযাত্রা বের হয়। দিনাজপুরের পৌর মেয়র সফিকুল হক, আবু তালেব, এসিডদগ্ধ রওশন আরা, রূপজানসহ ১৫ জন শোভাযাত্রায় অংশ নেন। যশোর: সকালে প্রথম আলোর স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে আলোচনা করেন গাজী গোলাম মোস্তফা, ফরিদা বেগম, স্থানীয় বন্ধুসভার সভাপতি ইকবাল হোসেন প্রমুখ। এরপর শোভাযাত্রা বের হয়।