চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্কুলছাত্র মাহফুজ আলম সজীব হত্যা মামলায় আরও দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার ভোরে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে হত্যার কথা স্বীকার করে তাঁরা আদালতে জবানবন্দী দিয়েছেন। মুক্তিপণ আদায়ের জন্য আরও ১৫ স্কুল শিক্ষার্থীকে অপহরণের পরিকল্পনার কথাও স্বীকার করেছেন তাঁরা।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মো. মামুন (২৪) ও উপজেলা সদরের দশমীপাড়ার মো. শাহীন (২৮)।
র্যাবের কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারের পর তাঁদের স্বীকারোক্তি অনুসারে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকায় মহাসড়কের পাশের একটি ঝোপের ভেতর থেকে চটের ব্যাগে মোড়ানো মাহফুজের পোশাক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়। এরপর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আলামতসহ দামুড়হুদা থানা-পুলিশে তাঁদের সোপর্দ করা হয়। দুপুরে তাঁদের দামুড়হুদা আমলি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মোস্তাফিজুর রহমানের কাছে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
র্যাব-৬-এর ঝিনাইদহ কোম্পানির উপপরিচালক মেজর মনির আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত দুজন র্যাব ও বিচারিক হাকিমের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়েছেন। মামুন খুনের সঙ্গে জড়িত এবং শাহীন পরিকল্পনা করেছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে মনির আহমেদ বলেন, শাকিল ও সবুজ ২৯ জুলাই রাত সাড়ে আটটার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষমেলার মাঠ থেকে মাহফুজকে একটি মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি পাড়ার চার্জার লাইট কারখানায় নিয়ে যান। শাকিল ও সবুজ এবং কারখানার মালিক রাকিবুল ইসলাম ও সহযোগী মামুন একত্রে মাহফুজকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তাঁর লাশ কারখানার শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেন। খুনের পরও তাঁরা পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে আসছিলেন। এ ছাড়া মুক্তিপণ আদায় করতে এলাকার ধনী পরিবারের ১৫ জন স্কুল শিক্ষার্থীকে অপহরণের পরিকল্পনা ছিল তাঁদের। এ জন্য তাঁরা তালিকাও করেছিলেন।
অপহরণের প্রায় এক মাস পর ৩১ আগস্ট মাহফুজের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।