আরও দুজন গ্রেপ্তার, পিওতরসহ চারজন তৃতীয় দফা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মী সাইফুজ্জামান ও একটি আইটি (তথ্যপ্রযুক্তি) প্রতিষ্ঠানের কর্মী হুমায়ুন কবির।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া জার্মানির নাগরিক পিওতর সিজোফেনের তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে কার্ড জালিয়াতির ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। গতকাল রোববার তাঁদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, কার্ড জালিয়াতির ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ডিবি পিওতরসহ ছয়জনকে গতকাল ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। তাঁদের মধ্যে পিওতর ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোরশেদ আলম মাকসুদ, রেজাউল করিম ও রেফাজ আহমেদকে তৃতীয় দফায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। শনিবার তাঁদের দ্বিতীয় দফার রিমান্ড শেষ হয়। সাইফুজ্জামান ও হুমায়ুন কবিরকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। এর আগে রিমান্ড বাতিল চেয়ে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে জামিন নামঞ্জুর করেন।

ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পিওতরের সহযোগী হুমায়ুন কবির অবৈধ মুদ্রা বেচাকেনায় জড়িত। ব্যাংক থেকে পিওতরের জালিয়াতি করে তোলা ২৮ লাখ টাকাকে মার্কিন ডলার করে হুমায়ুন ও সাইফুজ্জামান বিদেশে পাঠাতে সহায়তা করেন। এ ছাড়া হুমায়ুন বিভিন্ন সময়ে পিওতরের জালিয়াতির টাকা অবৈধ পথে চীনে পাঠাতেন। সাইফুজ্জামান আগে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। ২০১২ সালে তিনি একটি কার্ড জালিয়াতি ঘটনায় যুক্ত ছিলেন।

গতকাল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, পিওতর ও তিন ব্যাংক কর্মকর্তা ধরা পড়ার আগেই এটিএম কার্ড জালিয়াতি করে ২৬ হাজার ডলার তুলে নিয়ে পালিয়ে গেছেন দুই বিদেশি। এঁদের মধ্যে একজন রোমানিয়া ও অপরজন ইউক্রেনের নাগরিক। তাঁরা পিওতরের সহযোগী।