আরও দুজন রিমান্ডে, ডিবির তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিশু শেখ মো. সামিউল আলমকে (রাজন) নির্যাতন করে হত্যার ঘটনায় গত বুধবার গ্রেপ্তার হওয়া দুলাল আহমদ ও ভিডিও দৃশ্য ধারণকারী নূর আহমদকে গতকাল বৃহস্পতিবার রিমান্ডে নেওয়া হয়েছে। এ দুজনসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মোট পাঁচজনকে রিমান্ডে নেওয়া হলো।
এদিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল জালালাবাদ থানা থেকে মামলার নথিপত্র গ্রহণ করে তদন্ত শুরু করেছে।
আদালত সূত্র জানায়, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার গতকাল দুপুরে দুলাল ও নূর আহমদকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত-৩-এ হাজির করেন। তিনি দুজনকেই ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান আদালতে। বিচারক আনোয়ারুল হক শুনানি শেষে দুই আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
নূর আহমদ ও দুলালকে নিয়ে এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া মোট নয়জন আসামির মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ডে থাকা অন্য তিন আসামি হলেন এজাহারভুক্ত প্রধান আসামি মুহিত আলম, তাঁর শ্যালক ইসমাইল হোসেন আবলুচ ও চৌকিদার ময়না মিয়া। গ্রেপ্তার হলেও রিমান্ডে নেওয়া হয়নি মুহিতের স্ত্রী লিপি বেগম এবং ঘটনার প্রত্যক্ষদর্শী আজমত উল্লা ও ফিরোজ আলীকে। তাঁরা তিনজন কারাগারে আছেন। আর মূল হোতা কামরুল ইসলাম আছেন সৌদি আরবে পুলিশের হেফাজতে। মামলার এজাহারভুক্ত একজন আসামি এখনো গ্রেপ্তার হননি। তিনি হলেন মুহিত-কামরুলের ভাই আলী হায়দার ওরফে আলী। ঘটনার পর থেকেই আলী পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এলাকাবাসীও আলীর খোঁজ করছেন।
আলীদের বাড়িটি কয়েক দিন ধরেই তালাবদ্ধ অবস্থায় রয়েছে বলে আশপাশের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন। সিলেট মহানগর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, অভিযুক্ত আলীকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার মোট পাঁচ আসামির রিমান্ডে থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে প্রধান আসামি মুহিত ওই হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সর্বশেষ রিমান্ডে নেওয়া দুলাল ও নূর আহমদকে শিগগিরই জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। সুরঞ্জিত তালুকদার জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে জালালাবাদ থানা থেকে মামলার নথিপত্র গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে।
ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদকে (২৪) গত বুধবার রাত পৌনে ১১টায় এলাকাবাসীর মাধ্যমে পুলিশে দেন তাঁর বাবা নিজাম উদ্দিন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে যদি অপরাধী হয়, তবে অবশ্যই যেন তার বিচার হয়।’
সিলেট সদর উপজেলার জাঙ্গাইল গ্রামে নূর আহমদের বাড়ি। কুমারগাঁও এলাকার যে স্থানে শিশু সামিউলকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেখানে একটি ওয়ার্কশপে কাজ করেন নূর আহমদ। পুলিশে সোপর্দের আগে এলাকাবাসীর সামনে তিনি সাংবাদিকদের জানান, সৌদিতে আটক কামরুল ফেসবুকে ছাড়ার কথা বলে তাঁকে ভিডিও রেকর্ড করার কথা বলেন। নূর বলেন, ‘আমি তানরে (কামরুল) ডরাইয়া (ভয়ে) ভিডিও করছি।’ তিনি সাংবাদিকদের আরও জানান, ভিডিও ধারণ করলেও তিনি আর ফেসবুকে ছাড়েননি। সামিউলকে চুরি করতেও দেখেননি। ঘটনাস্থলে এ সময় অনেক মানুষ উপস্থিত থাকলেও কামরুল আর ময়নাই শিশুটিকে পিটিয়েছিলেন বলে নূর জানান।
সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ৮ জুলাই খুঁটির সঙ্গে সামিউলকে (১৪) বেঁধে রোলার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই সামিউলকে নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করেন। সামিউলের লাশ ফেলতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন প্রধান আসামি মুহিত। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
ভিডিও চিত্রের সূত্র ধরে গত রোববার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘নির্মম, পৈশাচিক!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়।
প্রতিবাদ অব্যাহত: শিশু সামিউল হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-রাজনৈতিক সংগঠনগুলো গতকালও নানা কর্মসূচি পালন করেছে। বেলা তিনটায় নগরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. আরশ আলী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বেলা চারটার দিকে খেলাঘর সিলেটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়। দুপুরে জিন্দাবাজার এলাকায় রাজা ম্যানসন ব্যবসায়ী সমিতির উদ্যোগেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুন