নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকার স্কুলছাত্র ইমন (১০) হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিরাজ মিয়া (৪২) ও তাঁর স্ত্রী সালামা বেগম (৩২)।
ফতুল্লা মডেল থানার বক্তাবলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাজমুল ইসলাম জানান, গতকাল রোববার বিকেলে মুন্সিগঞ্জ এলাকা থেকে ইমন হত্যার পরিকল্পনাকারী সিরাজ মিয়া ও তাঁর স্ত্রী সালমাকে গ্রেপ্তার করা হয়। হত্যার পর থেকে তাঁরা পলাতক ছিলেন।
গত বছরের ২১ জুন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকার বাড়ি থেকে স্কুলছাত্র ইমন নিখোঁজ হয়। পর দিন এলাকার সিরাজ মিয়ার বাড়ির পাশের একটি পাটখেত থেকে ইমনের সাত টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ইমনের বাবা ইসমাইল হোসেনের দায়ের করা মামলায় পুলিশএ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নাহিদ নামের একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।