চট্টগ্রামে ব্যবসায়ী জালাল উদ্দিন (৫৫) হত্যা মামলার আরও দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শুক্রবার তাঁরা চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে এই জবানবন্দি দেন।
গতকাল জবানবন্দি দেওয়া আসামিরা হলেন মো. কামাল ও সুরমা আক্তার।
এর আগে গত বৃহস্পতিবার কামালের স্ত্রী লিলু আক্তার ও ফুফাতো ভাই মো. রাসেল জবানবন্দি দেন। ৫০ লাখ টাকা আদায় করতে না পেরে জালালকে খুন করার কথা স্বীকার করেছেন তাঁরা।
গত রোববার আগ্রাবাদের ব্যাপারীপাড়া এলাকা থেকে জালাল উদ্দিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ছেলে ইমাজ উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মো. কামাল ও সুরমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কামালকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল আদালতে হাজির করা হয়।
পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, আসামি কামাল আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, ১০-১১ বছর আগে জালালের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি দেড় বছরের মতো জালালের বাসার ভাড়াটে ছিলেন। গত শনিবার জালালকে কৌশলে নগরের মাদারবাড়ি এলাকায় তাঁর বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে জালালের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে জালালকে হত্যা করা হয়।
তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, হত্যার পর লাশটি বস্তায় ভরে ভ্যানে তুলে ব্যাপারীপাড়ায় ফেলে দেন তিনি ও রাসেল। আসামি সুরমা আক্তারও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব ঘটনা স্বীকার করেছেন।