আরও দুজনের জবানবন্দি পুলিশি হেফাজতে সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় বৌদ্ধবিহার ও মন্দিরে হামলার ঘটনায় আরও দুই আসামি গতকাল মঙ্গলবার বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পটিয়ার বিচারিক হাকিম আকতার হোসেন তাঁদের জবানবন্দি নথিভুক্ত করেন। আদালত একই সঙ্গে আরও সাত আসামিকে তিন দিন করে পুলিশি হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছেন। গতকাল আসামি আলাউদ্দিন (৫৫) ও মাসুদ আলী (২২) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের মধ্যে আলাউদ্দিন বৌদ্ধবিহার ও মন্দিরে হামলার নেতৃত্ব দেন। আলাউদ্দিনের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞায় এবং শহরতলির কর্ণফুলী এলাকায় মাসুদ আলীর গ্রামের বাড়ি। আসামি আলাউদ্দিন জবানবন্দিতে বলেন, কোরআন শরিফ অবমাননা হয়েছে মর্মে খবর পেয়ে তাঁরা পাঁচজন শ্রমিক ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের একজন পদস্থ কর্মকর্তার কাছে যান। তাঁরা কারখানার বাইরে মিছিল করবেন বলে অনুমতি চান। ওই পদস্থ কর্মকর্তা কোনো অনুমতি দেননি। এরপর তাঁরা পাঁচজন কারখানার ভেতর শ্রমিকদের সংগঠিত করেন।জবানবন্দিতে আলাউদ্দিন আরও বলেন, তিন থেকে চার শতাধিক শ্রমিক-কর্মচারী ওয়েস্টার্ন মেরিন কারখানার ফটকের কাছে জড়ো হন। ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফটক না খুলতে দারোয়ানদের নির্দেশ দেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে লাঠিসোঁটা নিয়ে মন্দিরে হামলা করতে বের হন। আলাউদ্দিন সব কটি বৌদ্ধবিহার ও মন্দিরে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তিনি জবানবন্দিতে বলেন, ওয়েস্টার্ন মেরিন কারখানার পাশে তাঁর বাসা। হামলায় অংশ নেওয়ার আগে তিনি পোশাক পরিবর্তন করতে বাসায় যান। পোশাক পরিবর্তন করে তিনি সাধারণ লোকদের সঙ্গে মিশে গিয়ে বিহার ও মন্দিরে হামলা চালান। হামলার পর আবার কারখানায় ঢুকে যান তিনি। পরে পুলিশ তদন্ত করতে কারখানায় গেলে তিনি দোতলায় লুকিয়ে থাকেন। পুলিশ রাতে কারখানা এলাকা ত্যাগ করলে তিনি বের হয়ে শহরে বন্ধুর বাসায় আশ্রয় নেন। পরদিন গ্রামের বাড়ি দাগনভূঞায় চলে যান।মাসুদ আলী বৌদ্ধবিহার ও মন্দিরে হামলা চালানোর কথা আদালতে স্বীকার করেন। তিনি জবানবন্দিতে বলেন, সবাই একসঙ্গে বিহার ও মন্দিরে হামলা চালাতে গেলে অন্যদের সঙ্গে তিনি এই হামলায় অংশ নেন। পুলিশি হেফাজত: এদিকে গতকাল মঙ্গলবার আরও সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় মোট ২১ জন আসামিকে পুলিশ হেফাজতে নেওয়া হলো। তাঁদের প্রত্যেককে তিন দিন করে জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিরা হলেন: রায়হান (২৩), জহিরউদ্দিন (২৮), নুরউদ্দীন (২৫), সালাহউদ্দিন (২৩), আকতার হোসেন (২৫), মোকতার হোসেন (২৫) ও মো. জমিরউদ্দিন (৩০)। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পটিয়ার বৌদ্ধবিহার ও মন্দিরে হামলার ঘটনায় তৃতীয় দফায় আরও সাতজনকে আমরা রিমান্ডে নিয়েছি। এর আগে দুই দফায় রিমান্ডে নেওয়া তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর রিমান্ডে নেওয়ার আগেই আলাউদ্দিন জবানবন্দি দেন।’ প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর পটিয়ায় বৌদ্ধবিহার ও মন্দিরে হামলা হয়। রামুর ঘটনার জের ধরে দুর্বৃত্তরা এই হামলা চালায়। পুলিশ এ ঘটনায় ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।