আরও দুজনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গতকাল জাতীয়তাবাদী মহিলা দল হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় এক কর্মীকে আটক করা হয় ষ ছবি: প্রথম আলো
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গতকাল জাতীয়তাবাদী মহিলা দল হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় এক কর্মীকে আটক করা হয় ষ ছবি: প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধে প্রাণ হারিয়েছেন এক নারীসহ আরও দুজন। এর মধ্যে তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে গতকাল রোববার সুনামগঞ্জে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। ঢাকার সাভারে গত সোমবার বাসে পেট্রলবোমা হামলা হলে দ্রুত নামতে গিয়ে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা গেছেন।

গতকালও অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে দুই দফা অবরোধে ৫৪ জন প্রাণ হারান। এ নিয়ে অবরোধে গতকাল পর্যন্ত মোট ৫৭ জন প্রাণ হারালেন।

আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টায় ৭২ ঘণ্টার এই অবরোধ শেষ হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত অবরোধের সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিএনপির সূত্র। অবরোধের মধ্যেই জামায়াতে ইসলামী আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতকাল জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুর পরোয়ানা জারির পর রাতে হরতালের এ ঘোষণা দেওয়া হয়।

অবরোধের মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা সদরে দুপুরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা হরতাল চলাকালে ছাত্রলীগের সঙ্গে হরতালকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন। তাঁদের মধ্য ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ছাত্রলীগের কর্মী মাসুদুল ইসলাম তালুকদার (১৯) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মারা যান। তিনি ছাতক ডিগ্রি কলেজের ছাত্র।

ঢাকার সাভার উপজেলায় দ্বিতীয় দফার অবরোধের তৃতীয় দিন সোমবার রাত সাড়ে আটটায় বাসে পেট্রলবোমা হামলা হলে দ্রুত নামতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া রেহানা পারভীন (২১) গতকাল রাত সাড়ে আটটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পুলিশ জানায়, সাভারের জোড়পোলে সোমবার রাত সাড়ে আটটার দিকে নবীনগর থেকে গাবতলীগামী একটি বাসে পেট্রলবোমা হামলা হয়। এ সময় ওই বাস থেকে দ্রুত নামতে গিয়ে রেহানা ও তাঁর ভাই নজরুল রাস্তায় পড়ে যান। ওই বাসের আরেক যাত্রী রতন সরকার শুক্রবার রাতে স্কয়ার হাসপাতালে মারা যান।

রেহানা স্বামীর সঙ্গে আশুলিয়ার পলাশবাড়িতে ভাড়া থাকতেন। যৌতুকের কারণে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে বাবার বাড়ি রাজধানীর বাংলামোটরে আসার পথে তিনি ওই ঘটনার শিকার হন।

শনিবার গভীর রাতে সাতক্ষীরার সদর উপজেলায় আওয়ামী লীগের কর্মী এজহার আলী মোড়লের দুই পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। তাঁর ডান হাত ভেঙে দেওয়া হয় ও মাথায় কোপানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিবার জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত এজহারের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বসতঘরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিলে তিনি ঘর থেকে বের হন। এ সময় তাঁর ওপর হামলা চালানো হয়। জমিজমা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রাজধানী ঢাকায় গতকাল অবরোধের পাশাপাশি ছিল ঢাকা মহানগর বিএনপির আহূত সকাল-সন্ধ্যা হরতাল। ভোর ছয়টার দিকে মাতুয়াইল মাতৃসদনের সামনে থেমে থাকা মোহাম্মদপুর-চিটাগাং রোডে চলাচলকারী একটি খালি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

বিকেল পাঁচটার দিকে পুরান ঢাকার রথখোলা মোড়ে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে এক পথচারী আহত হন। বিকেল তিনটার দিকে বংশালের হোটেল আল রাজ্জাকের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ইসলামপুরে পুলিশের গুলিতে আবদুল ওয়াদুদ (২৫) নামের একজন গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত পৌনে আটটার দিকে গুলশান-১ নম্বরে ৬ নম্বর রুটের একটি বাসে এবং ডেমরার স্টাফ কোয়ার্টারের সামনে রাত আটটার দিকে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাসসহ দুটি যানবাহনে অগ্নিসংযোগ ও চার-পাঁচটি যান ভাঙচুর করেন এবং তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান অবরোধকারীরা।

ঝিনাইদহ শহরের আরাপপুরে বিএনপির নেতা-কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রাবেয়া হাসপাতালের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বসে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে পুলিশের এসআই মিলন মৈত্রসহ তিন সদস্য ও বিএনপির সাত কর্মী আহত হন।

চুয়াডাঙ্গায় একটি ট্রাক ও পাঁচটি ইজিবাইক ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার কর্মীকে আটক করে পুলিশ। ভোরে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট থেকে মহামায়া পর্যন্ত সড়কে বেশ কিছু গাছ কেটে অবরোধ করে রাখায় চাঁদপুরের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শহরের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে আটক করে পুলিশ।

সাতক্ষীরা-যশোর সড়কের সাতক্ষীরা শহরের কদমতলায় সকালে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। অবরোধের কারণে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজারে সকাল ছয়টায় বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। তাঁরা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ সেখানে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির কর্মী শাহাদত হোসেন (১৭), হাসান আলী (১৪) ও পথচারী খায়রুল ইসলাম (৮) রাবার বুলেটবিদ্ধ হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৌমোহনায় পুলিশ ও ছাত্রদলের সংঘর্ষে ছাত্রদলের চার নেতা ও এক পুলিশ সদস্য আহত হন।

বগুড়ার শেরপুরে পুলিশি পাহারায় পণ্যবাহী ট্রাক পারাপারের সময় অবরোধকারীরা কমপক্ষে ২৫টি ট্রাক ভাঙচুর করেন। বেলা সাড়ে ১১টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ঢিল ছুড়ে রূপালী ব্যাংকের জানালার কাঁচ ভাঙচুর করেন পিকেটাররা।

গতকাল রাত পৌনে আটটার দিকে নীলফামারী জেলা নির্বাচন কার্যালয়ে কয়েকটি পেট্রলবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ছাড়া রাত ১০টার দিকে সিলেট রেলস্টেশনে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, সিলেট ও সাতক্ষীরা এবং নারায়ণগঞ্জ, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নীলফামারী, কমলগঞ্জ (মৌলভীবাজার), শেরপুর (বগুড়া) ও আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি]