
অবরোধ-হরতালে হামলার শিকার আরও দুজন মারা গেছেন। তাঁরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক আবদুল আজিজ (৫০) ও ট্রাকচালক জাহাঙ্গীর গাজী। পেট্রলবোমায় দগ্ধ আজিজ চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। জামায়াত-শিবিরের হামলায় গুরুতর আহত জাহাঙ্গীর গত রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান।
আজিজ ও জাহাঙ্গীর ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ফলে তাঁদের মৃত্যু পরিবারকে শোকে ভাসানোর পাশাপাশি ফেলে দিয়েছে ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায়। আজিজ অবরোধ চলাকালে ১ ডিসেম্বর রাতে চট্টগ্রামের হাটহাজারীতে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছিলেন। জাহাঙ্গীর রোববার ভোরে বাগেরহাটের ফকিরহাটে হরতাল-সমর্থকদের হামলায় আহত হয়েছিলেন।
এ নিয়ে গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক সহিংসতায় গতকাল পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১০৭। অবরোধ-হরতালে পেট্রলবোমা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ঘটনায় প্রাণ হারানো মানুষের অনেকেই ছিলেন নিরীহ। তাঁদের বেশির ভাগই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের মৃত্যু তাঁদের পরিবারকে অসহায় করে দিয়েছে।
আজিজের স্বজনেরা জানান, তাঁর গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়ায়। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। ১ ডিসেম্বর রাত পৌনে নয়টার দিকে তিন যাত্রীসহ অটোরিকশা নিয়ে হাটহাজারী থেকে আসার পথে মুহুরি হাটে ছুড়ে মারা পেট্রলবোমা অটোরিকশার সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরে যায়। দগ্ধ হন আজিজ ও তিন যাত্রী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর আজিজকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। তাঁর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর সাড়ে চারটার দিকে তিনি বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান।
স্বামীর সঙ্গে শিশুসন্তান রবিউল হাসানকে নিয়ে এসেছিলেন আজিজের স্ত্রী মনি আক্তার। অপর দুই শিশুসন্তানকে রেখে এসেছিলেন স্বজনদের কাছে। বড় সন্তান রিন্সি আক্তারের বয়স আট বছর। গতকাল স্বামীর মৃত্যুর পর শোকে স্তব্ধ হয়ে গেছেন মনি। ঢাকা মেডিকেল কলেজের মর্গের পাশে শোকার্ত ও বিষণ্ন মুখে বসে ছিলেন তিনি।
মর্গের সামনে আজিজের বড় ভাই কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই পেট্রলবোমায় শুধু অটোরিকশা পোড়ায়নি, পুড়িয়েছে আজিজের জীবন, সংসার। তাঁর তিন সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল।
দুপুরে ময়নাতদন্ত শেষে আজিজের লাশ নিয়ে হাটহাজারীর উদ্দেশে রওনা দেন স্বজনেরা।
হাটহাজারী সংবাদদাতা জানান, আবদুল আজিজ আগে কৃষিকাজ করলেও পাঁচ বছর আগে দুবাই গিয়েছিলেন। প্রায় এক বছর পর দেশে ফিরে সঞ্চিত টাকা দিয়ে অটোরিকশা কিনে নিজেই চালাতেন। ওই আয় দিয়েই চলত সংসার ও বড় মেয়ের পড়াশোনা।
আজিজের অটোরিকশায় পেট্রলবোমা হামলার ঘটনায় মামলা বা কেউ আটক হয়নি।
জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী গতকাল বলেন, মামলা করা হবে।
অসহায় জাহাঙ্গীরের পরিবারও: গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, জাহাঙ্গীর গাজী স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে থাকতেন। রোববার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরুর আগে ভোররাতে তিনি মংলা বন্দর থেকে সিমেন্ট বোঝাই করে ট্রাক নিয়ে মাদারীপুর টেকেরহাটের উদ্দেশে রওনা দেন। ভোর পাঁচটার দিকে ট্রাকটি বাগেরহাটের ফকিরহাটে পৌঁছালে শিবিরের কর্মীরা ইট ছুড়লে সামনের কাচ ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে জাহাঙ্গীরের মুখমণ্ডল ও চোখ জখম হয় এবং তিনি জ্ঞান হারান। এতে ট্রাকটি কিছুদূর গিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রোববার বেলা তিনটার দিকে মাওয়াঘাটে ফেরিতে মারা যান জাহাঙ্গীর। গতকাল সকাল ১০টায় দৌলতদিয়ার খানকাপাক জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম জাহাঙ্গীরের মৃত্যুতে তাঁর পরিবার অসহায় হয়ে পড়েছে। স্কুল ও কলেজপড়ুয়া তিন ছেলেমেয়েকে নিয়ে তাঁর স্ত্রী জবেদা বেগম চোখে অন্ধকার দেখছেন বলে জানিয়েছেন স্বজনেরা।