আরও দুজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের ৩৩ ও ৩৪তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জব্দ তালিকার এ দুজন সাক্ষী হলেন মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার গ্রন্থাগারিক আনিসুর রহমান ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবিবুর রহমান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল এই দুই সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জবানবন্দিকালে এই দুই সাক্ষী বেশ কিছু নথি উপস্থাপন করেন। জবানবন্দি শেষে আনিসুর রহমানকে জেরা করেনি আসামিপক্ষ। নবিবুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রানা দাশগুপ্ত গতকাল প্রথম আলোকে জানান, রাষ্ট্রপক্ষের ৩৩ ও ৩৪তম সাক্ষী ছিলেন এ মামলার জব্দ তালিকার শেষ দুই সাক্ষী। পরবর্তী ধার্য দিনে এ মামলার শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা। নিজামীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১০ জুলাই: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী রথীন্দ্রনাথ কুণ্ডুকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। আসামির কাঠগড়ায় নিজামীর উপস্থিতিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক রথীন্দ্রনাথ কুণ্ডুকে জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১০ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।