২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন রাজধানীর মেরুল বাড্ডা এলাকার বাসিন্দা তারেক আজম ও আমিনুল ইসলাম।
গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন দুজনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীকে জেরা শেষে আদালত ১১ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
তারেক আজম ও আমিনুল ইসলাম সাক্ষ্যে বলেন, এ মামলার আসামি আহসান উল্লাহ ওরফে কাজল মেরুল বাড্ডা এলাকায় কর্নেল (অব.) গোলাম রাব্বানীর বাসায় ভাড়া থাকতেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে আহসান উল্লাহর বাসায় অনেককে আসা-যাওয়া করতে তাঁরা দেখেছেন। গ্রেনেড হামলার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে জানতে পারেন আহসান উল্লাহ জঙ্গিনেতা ও গ্রেনেড হামলায় জড়িত ছিলেন।
সাক্ষ্য গ্রহণ শেষে দুজনকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। এ মামলায় গতকাল পর্যন্ত ১৭০ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন ও আবু আবদুল্লাহ ভূঁইয়া।