আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ১৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ দুই মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত তা নাকচ করেন। এ দুই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ নয়জন আসামি। বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে।
খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারেক রহমান দীর্ঘদিন ধরে সেখানে আছেন। গতকাল তাঁদের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়া হয়। গতকাল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের দুই কর্মকর্তা আমির উদ্দিন ও পরিতোষ চন্দ্র দে সাক্ষ্য দেন।
এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নেওয়া সাক্ষ্য বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করেন। বিএনপির নেতা মওদুদ আহমদের ছেলে আমান মওদুদের জানাজার জন্য এ দুই মামলার সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখার আবেদন করা হয়। আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে নতুন তারিখ ধার্য করেন।
গতকাল পর্যন্ত আটজন সাক্ষ্য দিলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।