আরও দুজনের সাক্ষ্য গ্রহণ
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল রোববার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য গ্রহণ শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ ১১ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
আদালতে গতকাল সাক্ষ্য দেন আবদুস সাত্তার খান ও আলমগীর হোসেন। তাঁরা দুজনেই সুরতহালের সাক্ষী। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি মাহবুবুর রহমান।
এই মামলায় গতকাল পর্যন্ত ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। এই মামলায় সাক্ষী হলেন ৫৫ জন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এই
মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মুফতি জসীম উদ্দিন ছাড়া এজাহারভুক্ত অন্য সাত আসামি হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ ওরফে রানা। এঁদের মধ্যে রেদোয়ানুল আজাদ পলাতক রয়েছেন।
সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় কারাগারে আটক আসামিদের গতকাল আদালতে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাঁদের আবার কারাগারে পাঠিয়ে দেন আদালত।