আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় গতকাল বুধবার ২ জন সাক্ষ্য দিয়েছেন।
জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লার আদালতে সাক্ষী মো. আবদুল হক ও জিয়া উদ্দিন সাক্ষ্য দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ নিয়ে চেয়ারম্যান একরাম হত্যা মামলায় ২১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। মামলার সাক্ষী ৫৯ জন। ২৮ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন। তিনি জানান, গতকাল ৬ জন আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করেন।
পিপি জানান, মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন জামিনে আছেন। গতকাল ফেনী কারাগারে থাকা ৩৩ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ৮ আসামি আদালতে হাজির হন।
মামলার ৫৬ জন আসামির মধ্যে বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্যরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।