আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল বুধবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৮ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ।
গতকাল সাক্ষ্য দেন গোলাম কিবরিয়া ও আবদুর রশিদ। তাঁরা দুজনই নিহত রাজীবের সুরতহালের সাক্ষী। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি মাহবুবুর রহমান।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।
অভিযোগপত্রভুক্ত অন্য সাতজন আসামি হলেন ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদা। এঁদের মধ্যে রেদোয়ানুল পলাতক রয়েছেন। কারাগারে আটক আসামিদের গতকাল আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের আবার কারাগারে নেওয়া হয়।