আরও দুজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরকারির সঙ্গে বিষ মিশিয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ও নার্সকে হত্যার ঘটনায় আরও দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নজরুল ইসলামের আদালত তাঁদের এ জবানবন্দি রেকর্ড করেন।
এদিকে এ ঘটনায় গতকাল এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিরাজ উদ্দীন আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান ও নার্স জোবেদা খাতুন হত্যার ঘটনায় প্রথমে পরিচ্ছন্নতাকর্মী লাকি খাতুনকে আটক করা হয়। পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে লাকি মাছের তরকারিতে বিষ মিশিয়ে দুজনকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিষ সরবরাহকারী সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. আশরাফ আলী এবং সহযোগী কাজীপুর উপজেলার টিকরাভিটা গ্রামের তোমছের আলীকে আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, লাকির দাবি, স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতেন। তাঁকে দীর্ঘ সময় কাজ করাতেন, চাকরিচ্যুতির ভয় দেখাতেন। আর তোমছের আলীর স্ত্রীকে চাকরি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। উল্টো তোমছের আলীর আত্মীয় মনোয়ারা বেগমকে চাকরিচ্যুত করা হয়। এসব কারণে লাকি ও তোমছের ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা প্রতিশোধ নিতে ওই কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী কবিরাজ আশরাফ আলীর কাছ থেকে বিষ সংগ্রহ করা হয়। গত ২৫ এপ্রিল দুপুরে স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ভোজের আয়োজন করা হয়। ওই দিন প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসা থেকে খাবার আনা হয়। বিষয়টি আগেই জানতে পেরে লাকি ও তোমছের বিষ মেশানোর পরিকল্পনা পাকাপাকি করেন। লাকি ও অপর এমএলএসএস চান মিয়া খাবার বহন করে অফিস কক্ষে আনেন। একপর্যায়ে চান মিয়াকে কৌশলে পানি আনার জন্য বাইরে পাঠিয়ে লাকি বোয়াল মাছের তরকারিতে বিষ মেশান। এই তরকারি খাওয়ার পর মনিরুজ্জামান, জোবেদা ও আলমগীর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। আলমগীর এখনো চিকিৎসাধীন।
পুলিশ সুপার আরও বলেন, চাকরিচ্যুত মনোয়ারা বেগমকে গতকাল আটক করার পর আদালতে হাজির করে দুদিনের রিমান্ডে আনা হয়েছে। এদিকে গতকাল বিকেলে কবিরাজ আশরাফ আলী ও তোমছের আলীকে আদালতে পাঠানো হয়। তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক বক্তব্য রেকর্ড শেষে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ৬ মে লাকি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সিভিল সার্জন মো. মনজুর শেখ বলেন, গতকাল স্বাস্থ্য কর্মকর্তার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র তাঁর স্ত্রী ফারজানা আক্তারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।