জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্তকে হত্যার কথা স্বীকার করে আরও দুই আসামি জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা দাবি করেছেন, হত্যাকাণ্ডের মূল হোতা গাড়িচালক কামরুল হাসান ও মিন্টু। পিচ্চি কামাল ও সাইদুর রহমান গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর আগে আসামি মাসুদ ও ফয়সাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া হত্যাকাণ্ডের শিকার চিকিৎসক নারায়ণের গাড়িচালক কামরুল হাসান ও মিন্টুসহ ছয়জন রিমান্ডে রয়েছেন। গতকাল ডিবির পুলিশ আসামি পিচ্চি কামাল ও সাইদুর রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন জানায়। মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তাঁর খাস কামরায় পিচ্চি কামাল ও হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আসামি সাইদুর রহমানের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরপর তাঁদের কারাগারে পাঠানো হয়। আসামি কামাল ও সাইদুর রহমান এর আগে জবানবন্দিতে স্বীকারোক্তি দেওয়া আসামি মাসুদ ও ফয়সালের মতোই বর্ণনা দেন। উভয়েই বলেন, হত্যার কারণ সম্পর্কে তাঁরা কিছু জানেন না। ২৩ আগস্ট রাতে মিন্টু তাঁদের মহাখালী সাততলা বস্তিতে নিয়ে যায়। সেখানে গাঁজা খাওয়ার পর মিন্টু বলে, ডাক্তারের বাসায় চুরি করব। কামাল ও সাইদুর বলে, ‘ফয়সাল, মাসুদসহ (পেদা মাছুদ) আমরা চারজন নিচে পাহারায় থাকি। আসামি মিন্টু, কামাল ও সাঈদসহ পাঁচ-ছয়জন পাইপ বেয়ে ওপরে ওঠে। এর কিছুক্ষণ পর চিৎকার শুনি। একটু পরে মিন্টুসহ বাকিরা বেরিয়ে আসে। তাদের হাতে ও জামা-কাপড়ে রক্ত লেগে ছিল।