আরও দুটি অনুষ্ঠানে যোগ দিলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) আসনের সাংসদ আবদুর রহমান গতকাল মঙ্গলবার বিকেলেও বোয়ালমারী শহরের দুটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সাংসদ, কৌশলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এলাকার কয়েকজন জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সভায় সাংসদ আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সাংসদ কার্যালয়ে প্রবেশ করামাত্র উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুর রশিদ মাইকে ঘোষণা দিতে থাকেন, ‘এখানে কেউ বা আশপাশে সাংবাদিক ভাইয়েরা থাকলে শোনেন, আমরা কোনো নির্বাচন-সংক্রান্ত সভা করছি না। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা এসেছি।’
পরে সাংসদ পাশের ভবন উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হন। সেখানে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় সরকারি দলের নেতা-কর্মীদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মু. খায়রুজ্জামান উপস্থিত ছিলেন। সাংসদ প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানের পর বাজার ঘুরে বেড়ান ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অধ্যাপক মো. আবদুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিশ্বের ১০০ চিন্তাবিদের মধ্যে স্থান পাওয়ায় তাঁকে অভিনন্দন জানাতেই অনেক আগেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংসদসহ উপজেলা চেয়ারম্যানকেও দাওয়াত দেওয়া হয়। কিন্তু শুধু সাংসদ নিজেই এসেছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুধু শুভেচ্ছা বিনিময় করেই চলে যান।
অভিযোগ রয়েছে, সাংসদ আবদুর রহমান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহর পক্ষে এলাকায় নানা কৌশল অবলম্বন করে ভোট চাইছেন। দলের বিদ্রোহী প্রার্থী বা ভোটারদের নানাভাবে তাঁর লোকজন ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। তবে সোমবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেন সাংসদ।
বর্তমান মেয়র, পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ. শুকুর শেখ অভিযোগ করেন, সাংসদ নিজেই ভোট চাইছেন। আজও (মঙ্গলবার) তিনি ভোট চেয়েছেন। শুধু তা-ই নয়, তাঁর লোকজন ভোটারদের ভয় দেখাচ্ছেন। হুমকি-ধমকি দিচ্ছেন। তিনি নিজেও শঙ্কায় আছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছোট ভাই, পৌর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও মেয়র প্রার্থী মো. মোজাফ্ফর হোসেন বলেন, আজও সাংসদ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ও উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনেকে বলছেন, সেখানেও তিনি নৌকার পক্ষে ভোট চেয়েছেন। সাংসদের মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।