সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে আসামিপকক্ষ। কায়সারের বিরুদ্ধে গঠন করা আরও দুটি অভিযোগের ওপর গতকাল যুক্তি উপস্থাপন শেষ হয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কায়সারের বিরুদ্ধে সপ্তম ও অষ্টম অভিযোগের ওপর যুক্তি দেন তাঁর আইনজীবী এস এম শাহজাহান। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার এ সময় ট্রাইব্যুনালে
হাজির ছিলেন। আজ বুধবার আসামিপক্ষ আবার যুক্তি উপস্থাপন করবে।
গত রোববার ও সোমবার আসামিপক্ষ কায়সারের বিরুদ্ধে প্রথম ছয়টি অভিযোগের বিষয়ে যুক্তি দেয়। আসামিপক্ষ এ সময় দাবি করে, মুক্তিযুদ্ধকালে কায়সার বাহিনী নামে কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না।
গত বৃহস্পতিবার কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে। যুক্তি উপস্থাপনকালে একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা ও ধর্ষণের অভিযোগে কায়সারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানায় রাষ্ট্রপক্ষ।
গত ২ ফেব্রুয়ারি ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে কায়সারের বিরুদ্ধে বিচার শুরু হয়। ৯ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত রাষ্ট্রপক্ষে ৩২ জন সাক্ষ্য দেন। ২৩ জুলাই থেকে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছিল।