ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) নতুন জোনের জংসাইন টেক্সটাইল বিডি লিমিটেডের ভেতরে অবৈধভাবে স্থাপিত আরও দুটি গভীর নলকূপের সন্ধান পাওয়া গেছে। কারখানার রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপের নিচে নলকূপ দুটি স্থাপন করা হয়েছিল। গত রোববার অভিযান চালিয়ে আরও একটি গভীর নলকূপের সন্ধান পায় ডিইপিজেড কর্তৃপক্ষ।জংসাইন টেক্সটাইল বিডি লিমিটেডের একজন কর্মকর্তা নিজের পরিচয় গোপন রেখে মুঠোফোনে প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ডিইপিজেড কর্তৃপক্ষ অভিযান চালিয়ে কারখানার রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপের নিচে অবৈধভাবে স্থাপিত একটি সচল গভীর নলকূপের সন্ধান পায়। এ সময় একই স্থানে আরও একটি নলকূপ স্থাপনের আলামত পাওয়া যায়। গত রোববার কারখানাটির খাবার কক্ষের নিচে আরও একটি নলকূপের সন্ধান পায় কর্তৃপক্ষ।মুঠোফোনে যোগাযোগ করা হলে ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর কারখানাটির ভেতরে অবৈধভাবে স্থাপিত গভীর নলকূপের সন্ধান পাওয়ার বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে সংবাদমাধ্যমের কাছে সব তথ্য উপস্থাপন করা হবে।