আরও দুটি জেটির কাজ পেল সাইফ পাওয়ারটেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) আরও দুটি জেটি পরিচালনার কাজ পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। গতকাল বুধবার বিকেলে বন্দর ভবনে সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের এ-সংক্রান্ত চুক্তি হয়।
বন্দরের পক্ষে চুক্তিতে সই করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে নিউমুরিং টার্মিনালের ২ ও ৩ নম্বর জেটি পরিচালনার চুক্তি হয়েছে।
এ বিষয়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, আগামী দুই বছরে কনটেইনার ওঠানো-নামানো-সংক্রান্ত কাজের জন্য ৪৯ কোটি ৮৭ লাখ টাকা দর দেওয়া হয়েছে। এখন চুক্তির পর যত দ্রুত সম্ভব এ দুটি জেটিতে কাজ শুরু করা হবে।
দরপত্র অনুযায়ী, দুই বছরে দুটি জেটিতে ৭ লাখ ১ হাজার ৪০০ কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তরসহ ছয়টি কাজ করবে সাইফ পাওয়ারটেক। বর্তমানে এনসিটির ১ ও ২ নম্বর জেটিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চিটাগাং কনটেইনার টার্মিনালও পরিচালনা করছে তারা।
বন্দর সূত্র জানায়, গত ১০ জুন এনসিটির ২ ও ৩ নম্বর জেটি পরিচালনার দরপত্র জমা নেওয়া হয়। এ দরপত্রে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে মূল্যায়ন কমিটি শুধু সাইফ পাওয়ারটেক লিমিটেডকে যোগ্য নির্বাচিত করে। দরপত্রের কঠিন শর্তের কারণে সাইফ পাওয়ারটেক লিমিটেড ছাড়া অন্য প্রতিষ্ঠান যোগ্য হতে পারবে না বলে বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা ছিল।
এর আগে এনসিটির ৪ ও ৫ নম্বর জেটি পরিচালনার কাজও পেয়েছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড (দুটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে)। গত ২৫ জুন বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাইফ পাওয়ারটেক লিমিটেডের এ চুক্তি হয়। ওই দুটি জেটি পরিচালনায় সাইফের সঙ্গে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সাংসদ একরামুল করিম চৌধুরীর মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের ৩০ শতাংশ করে অংশীদারত্ব রয়েছে।