আরও দুটি পানির ট্যাংক দিলেন প্রবাসী শাকিল
বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালগাজী গ্রামের কোরবান আলী এতিমখানায় গত বৃহস্পতিবার দুটি পানির ট্যাংক দিয়েছেন জার্মানপ্রবাসী বাংলাদেশি সৈয়দ শাকিল। এর আগে গত বছরের সেপ্টেম্বরে উপজেলার শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ ও চলতি বছরের ফেব্রুয়ারিতে চৌরিডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি পানির ট্যাংক দেন তিনি।
গত বছরের ২৩ মার্চ প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল-‘পানির কষ্টে ২০ হাজার শিক্ষার্থী’ শিরোনামে একটি প্রতিবেদন। জার্মানিতে বসে অনলাইনে সংবাদটি দেখেন সৈয়দ শাকিল। শিক্ষার্থীদের পানির কষ্ট দূর করার জন্য কিছু একটা করা উচিত—এমন ভাবনা থেকেই প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করেন।
পুরান ঢাকার রায়সাহেব বাজারের বাসিন্দা সৈয়দ শাকিল ১৯৮৫ সালে জার্মানিতে পাড়ি জমান। জার্মান সরকারের পর্যটন মন্ত্রণালয়ের অধীনে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। মা সৈয়দা জয়গুন নেসা সব সময় মানুষের উপকার করতেন। ২০০৩ সালে মায়ের মৃত্যুর পর শাকিল একইভাবে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।
গত বৃহস্পতিবার পানির ট্যাংক প্রদান অনুষ্ঠানে মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান ইসরাফিল ইজারদার বলেন, সুপেয় খাবার পানির সংকট মোংলাবাসীর অন্যতম প্রধান সমস্যা। এখানকার টিউবওয়েলগুলোতে লবণপানি ওঠে। উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই ট্যাংক নেই। এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হওয়ার পর প্রবাসী শাকিল যে উপকার করছেন তাতে মোংলার মানুষ অভিভূত।