আরও দুটি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় ও প্রযুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এলাকায় বায়ুমান পরীক্ষা করছেন দুজন টেকনিশিয়ান। ছবির ছোট যন্ত্রটি দিয়ে প্রতিদিন তিনবার (সকাল, বিকেল ও রাত) তাঁরা বায়ুমান পরীক্ষা করেন। পরে সেই তথ্য পরীক্ষাগারে নানা ধরনের পরীক্ষা করা হয়। ১১ ডিসেম্বর বিকেলে ছবিটি তুলেছেন সাহাদাত পারভেজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন এলাকায় বায়ুমান পরীক্ষা করছেন দুজন টেকনিশিয়ান। ছবির ছোট যন্ত্রটি দিয়ে প্রতিদিন তিনবার (সকাল, বিকেল ও রাত) তাঁরা বায়ুমান পরীক্ষা করেন। পরে সেই তথ্য পরীক্ষাগারে নানা ধরনের পরীক্ষা করা হয়। ১১ ডিসেম্বর বিকেলে ছবিটি তুলেছেন সাহাদাত পারভেজ

প্রকল্পে ব্যয়
প্রকল্পের প্রাক্‌-নির্মাণ পর্বের ব্যয় সম্পর্কে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা শুরু থেকে বলে এসেছেন রাশিয়ার কাছ থেকে রাষ্ট্রীয় ঋণ হিসেবে ৫০ কোটি ডলার নেওয়ার কথা। বলা হয়েছে, এই টাকার পুরোটাই প্রাক্‌-নির্মাণ পর্বে লাগবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, এ পর্বে ব্যয় হবে ৫৫ কোটি ডলার। এর মধ্যে সাড়ে পাঁচ কোটি ডলার দিতে হবে বাংলাদেশকে।
এ বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে মতভেদও সৃষ্টি হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ভুল-বোঝাবুঝির অবসান ঘটায় এবং সাড়ে পাঁচ কোটি ডলার দিতে রাজি হয়।
প্রাক্‌-নির্মাণ পর্বের কাজের জন্য সংশ্লিষ্ট রুশ কোম্পানির সঙ্গে ইতিমধ্যে মোট ৫০ কোটি ডলারের তিনটি চুক্তি হয়ে গেছে। এর মধ্যে তৃতীয় চুক্তিটি সই হওয়ার আগেই ওই চুক্তির অধীনে ঠিকাদারি কোম্পানির অনুকূলে ১৯ কোটি ডলারের ক্রয় আদেশ অনুমোদন করে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির গত ১ জুনের সভায় ওই অনুমোদন দেওয়া হয়। আর চুক্তিটি সই হয় ৫ জুন।
মূল প্রকল্পের ব্যয় সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে সব সময় বলা হয়েছে, প্রাক্‌-নির্মাণ পর্বের কাজ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়টি নিশ্চিত করে বলা যায় না। কিন্তু সরকারের প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা শুরুতেই বলেছেন, এক হাজার মেগাওয়াটের প্রতিটি রি-অ্যাক্টরের জন্য ২০০ কোটি ডলার হিসেবে মূল প্রকল্পের ব্যয় হতে পারে ৪০০ কোটি ডলার। পরে প্রকল্প পরিচালক শৌকত আকবর এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে বলেন, মূল প্রকল্পের জন্য এক হাজার কোটি ডলার ঋণের ব্যাপারে সরকার রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছে। রাশিয়া এই প্রকল্পে ঋণ হিসেবে দেওয়ার কথা মোট ব্যয়ের সর্বোচ্চ ৯০ শতাংশ। সেই অঙ্ক যদি এক হাজার কোটি ডলার হয়, তাহলে বাংলাদেশের ১০ শতাংশ এবং প্রকল্পের প্রাক্‌-নির্মাণ পর্বের ব্যয় মিলিয়ে মোট ব্যয় হবে প্রায় এক হাজার ২০০ কোটি ডলার বা প্রায় ৯৫ হাজার কোটি টাকা। ব্যয়ের এই অঙ্কটি প্রায় চারটি পদ্মা সেতুর ব্যয়ের সমান।

রূপপুরের আবহাওয়া কোন ধাতুর ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা পরীক্ষার জন্য প্রায় ৫০ প্রকার ধাতুর পাত উন্মুক্ত স্থানে রাখা হয়েছে। এখন ধাতুর ওপর রূপপুরের পরিবেশের প্রভাব নিরূপণ করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোন যন্ত্রে কী ধরনের ধাতু ব্যবহার করা হবে, তা নির্ধারণ করা হবে l ছবি: প্রথম আলো
রূপপুরের আবহাওয়া কোন ধাতুর ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা পরীক্ষার জন্য প্রায় ৫০ প্রকার ধাতুর পাত উন্মুক্ত স্থানে রাখা হয়েছে। এখন ধাতুর ওপর রূপপুরের পরিবেশের প্রভাব নিরূপণ করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোন যন্ত্রে কী ধরনের ধাতু ব্যবহার করা হবে, তা নির্ধারণ করা হবে l ছবি: প্রথম আলো

প্রযুক্তি
রূপপুর প্রকল্পে ‘ভিভিইআর-১০০০’ নামের যে প্রযুক্তির রি-অ্যাক্টর বাংলাদেশ নিতে চায়, গত কয়েক বছরে সেটি নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, এর কিছু ত্রুটি ধরা পড়েছে। তা ছাড়া এর চেয়ে উন্নত প্রযুক্তি বাজারে এসেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ইউরোপের সমমানসম্পন্ন না হওয়ায় ১১টি ‘ভিভিইআর-১০০০’ রি-অ্যাক্টরের চুক্তি বাতিল হয়েছে। এর মধ্যে হাঙ্গেরিতে দুটি, ইউক্রেনে তিনটি, জার্মানিতে চারটি ও চেক প্রজাতন্ত্রে দুটি রয়েছে। চীন তিয়ানওয়ানে ওই প্রযুক্তির রি-অ্যাক্টর বসালেও তার নিয়ন্ত্রণ প্যানেল নিয়েছে ইউরোপীয় একটি কনসোর্টিয়ামের কাছ থেকে। ভারতের তামিলনাড়ুর কুদনকুলামে এই প্রযুক্তির একটি কেন্দ্র অনেক বিতর্কের সৃষ্টি করেছে।
জানতে চাইলে আবদুল মতিন বলেন, বাংলাদেশেরও উচিত ভিভিইআর-১০০০-এর পরিবর্তে উন্নততর সংস্করণের ভিভিইআর-১২০০ রি-অ্যাক্টর নেওয়া। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে সবার সর্বোচ্চ অগ্রাধিকার নিরাপত্তা। তাই নতুন প্রযুক্তি যখন পাওয়া যাচ্ছে, তখন পুরোনো প্রযুক্তি নেওয়া উচিত নয়। আর নতুন প্রযুক্তির রি-অ্যাক্টরের দামও তুলনামূলকভাবে বেশি নয়।

অবশ্য রূপপুর প্রকল্প সূত্র বলেছে, রূপপুরে কোন প্রযুক্তির রি-অ্যাক্টর নেওয়া হবে, তা নির্ভর করবে সবগুলো সমীক্ষার ফলাফলের ওপর। রূপপুরে এখন সেসব সমীক্ষা চলছে।