আরও দুটি মামলা দায়ের উসকানিদাতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার ডেমড়া বাজারে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টাকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও মারপিটের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশকে মারধরের ঘটনায় গতকাল রোববার সকালে উপপরিদর্শক (এসআই) ফেরদৌস একটি মামলা করেন। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ক্ষতিগ্রস্ত মহেন্দ্র তামলী বাদী হয়ে আরেকটি মামলা করেন। দুটি মামলাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এর পরপরই পুলিশকে মারধরের ঘটনায় ডেমড়া বাজার থেকে আয়নাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি জেলার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের নাগডেমড়া গ্রামে। তিনি পেশায় দুধ ব্যবসায়ী এবং জামায়াতের সমর্থক বলে জানা গেছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, আয়নাল হোসেন ঘটনার মূল উসকানিদাতা ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে শ্লীলতাহানির চেষ্টা মামলায় গ্রেপ্তার সুকুমার তামলীকেও কারাগারে পাঠানো হয়েছে।

ডেমড়া বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও তা স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল সকাল থেকে সবাই আবার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছেন।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান বলেন, ঘটনাটি খুব ছোট ছিল। তা ছাড়া উল্লেখযোগ্য কোনো ক্ষতিও হয়নি। তাই কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

প্রসঙ্গত, শনিবার সকালে ডেমড়া বাজারের চা বিক্রেতা সুকুমার তামলীর বিরুদ্ধে এক স্কুলছাত্রী শ্লীলতাহানির অভিযোগ তোলে। পরে ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয় লোকজন তাঁকে মারপিট করে এবং তাঁর বাড়িসহ বাজারের পাশে হিন্দু-অধ্যুষিত ডেমড়া পূর্বপাড়া, ঘোষপাড়া ও পালপাড়া গ্রামে হামলা চালিয়ে ১৫টি বাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন।