আরও দুটি লাশ উদ্ধার, গায়েবানা জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় গতকাল শনিবার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ১৪৭ জনের লাশ উদ্ধার করা হলো।এদিকে লঞ্চডুবিতে নিহত ও নিখোঁজ যাত্রীদের জন্য গতকাল বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গায়েবানা জানাজা হয়। জানাজা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও শোকসভা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া লাশ দুটি দুর্ঘটনাস্থলের কাছে গজারিয়ার চরঝাপটা এলাকায় মেঘনা নদীতে ভাসছিল। পুলিশ গিয়ে বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে। নিহত যাত্রীরা হলেন: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার কামাল হোসেন (৩৫) ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাঠহুগলি গ্রামের আবু তাহের (৫০)।এদিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা ছয়টি লাশের মধ্যে আরও দুটি লাশ শনাক্ত করে নিয়ে গেছেন স্বজনেরা। ওই দুটি মরদেহ হচ্ছে ভেদরগঞ্জের শাহানা (৪) ও লোকমান মিয়ার (৩০)।গতকাল দুপুর ১২টার দিকে হাসপাতালে লাশ শনাক্ত করতে এসে কান্নায় ভেঙে পড়েন শিশু শাহানার মা তাসলিমা। ‘শাহানা রে...শাহানা রে...’ বলতে বলতে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় অপর স্বজনেরা তাসলিমাকে নিয়ে যান। লোকমানের লাশ শনাক্ত করেন তাঁর চাচা জাকির হোসেন।এদিকে গতকালও মেঘনার তীরে অপেক্ষা করেন নিখোঁজ যাত্রীদের স্বজনেরা।গতকাল বিকেলে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর। বক্তব্য দেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের সাংসদ শওকত আলী, সাংসদ বি এম মোজাম্মেল হক, সাংসদ নাহিম রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ। পরে সাংসদ নাহিম রাজ্জাক তাঁর নির্বাচনী এলাকায় (গোসাইরহাট ও ডামুড্যা উপজেলা এবং ভেদরগঞ্জের একাংশ) তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন।গত সোমবার দিবাগত রাতে ঢাকায় যাওয়ার পথে গজারিয়ার চররমজান বেগ এলাকায় মালবাহী একটি জাহাজের ধাক্কায় উল্টে গিয়ে ডুবে যায় এমভি শরীয়তপুর-১ নামের লঞ্চ।