আরও দুবার আত্মহত্যার চেষ্টা করে সিরাপিনা
আত্মহননকারী ধর্ষিত সাঁওতাল কিশোরী সিরাপিনা এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন সময়মতো বাধা দেওয়ায় সে সময় রক্ষা পেয়েছিল। বাবা কর্নেলিউস মুর্মু ধর্ষণের ঘটনার আপস-মীমাংসায় বাধ্য হলেও সিরাপিনা এটা কখনোই মেনে নিতে পারেনি। ধর্ষকেরা আদালত থেকে খালাস পেয়ে গ্রামে ফিরে এসে ঘোরাঘুরি শুরু করলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সিরাপিনার পারিবারিক সূত্র থেকে জানা গেছে এসব তথ্য।এইচএসসি পাস সিরাপিনার বড় বোন সাবিনা মার্ডি বলেন, ‘সিরাপিনা প্রায়ই বলত, আমি ধর্ষকদের মারব এবং নিজে মরব। একদিন আমরা তিন বোন কাকনহাট থেকে বাড়ি ফিরছিলাম, তখন ধর্ষকদের দুজন সাইমন মুর্মু ও রঞ্জন মার্ডি ওই পথ দিয়ে যাওয়ার সময় সিরাপিনা তাদের পাথর ছুড়ে মারতে যায়। আমরা তাকে অনেক বুঝিয়ে শান্ত করি। গ্রামের আপস-মীমাংসার সালিসকারীদের ওপরও ক্ষোভ ছিল, বিশেষ করে ধর্ষক সাইমন মুর্মুর কাকা মুনির মুর্মু, রঞ্জন মার্ডির কাকা স্যামুয়েল মার্ডি, নির্মল মুর্মুর কাকা পরেশ মুর্মু, সিমর হেমব্রমের কাকা যতীন হেমব্রম। তাঁরা তাঁদের ভাইয়ের ছেলেদের মামলা থেকে বাঁচানোর জন্য একপর্যায়ে প্রায় প্রতিদিন রাতে বাবার (কর্নেলিউস মার্ডি) কাছে আসতেন। তাঁরা বাবাকে কৌশলে হুমকিও দিতেন এই বলে যে তোমার তো আরও মেয়ে আছে। তাদের কথা ভেবে তোমার মীমাংসা করে নেওয়ায় দরকার। নইলে সিরাপিনার মতো পরিণতি তাদেরও হতে পারে। এ ছাড়া তোমার নলকূপ নেই, পুকুর নেই—জল পাবে কোথা থেকে। আমাদের সঙ্গে বিবাদ করে এ গ্রামে বসবাস করবে কী করে। তাদের আনাগোনায় বাবা রাতে ঘুমাতে পারতেন না। শেষে অতিষ্ঠ হয়ে তাদের এড়ানোর জন্য তিনি বলেন, গির্জার ফাদার যদি বলে, তবে মীমাংসা করে নেব। বাবার বিশ্বাস ছিল, ফাদার মীমাংসার কথা বলবেন না। প্রথমে গির্জার ফাদার আমাদের পক্ষে থাকলেও গ্রামের মোড়ল, ধর্ষক ও ধর্ষকদের আত্মীয়স্বজনের চাপে তিনিও মীমাংসা করে নিতে বলেন।’এ প্রসঙ্গে সিরাপিনার বাবা কর্নেলিউস মার্ডি বলেন, ‘গ্রাম্য সালিসে মীমাংসা হওয়ার পরও আদালতে মিথ্যা সাক্ষী দিতে রাজি হইনি। একদিন ফিরেও এসেছি। পরে ফাদারের (বার্নার্ড টুডু) উপস্থিতিতে তাঁরা চাপ প্রয়োগ করেন, তখন আদালতে তাঁদের আইনজীবীর শেখানো মিথ্যা কথা বলেছিলাম। বলেছিলাম, নির্মল মুর্মুর (ধর্ষক) সঙ্গে আমার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। আসামি নির্মলের সঙ্গে আমার মেয়ের (সিরাপিনা) বিয়ের এফিডেভিট করে আদালতে উপস্থাপন করে। তখন বাঁচার জন্য নির্মলের পরিবার সিরাপিনাকে বউ হিসেবে ঘরে তুলতেও চেয়েছিল। কিন্তু সিরাপিনা ঘৃণাভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।এর আগে কথা বলার সময় কর্নেলিউস মার্ডি ধর্ষকদের বিচার বা আবারও মামলা করতে চান কি না, এ প্রশ্নের নেতিবাচক জবাব দেন। কিন্তু গত শনিবার এ প্রতিবেদকের সঙ্গে কথা হওয়ার সময় তিনি বলেন, ‘আগে ভয়ে বলেছিলাম। এখন বলছি, এ জন্য মামলা করতে হলে করব। নইলে সিরাপিনার আত্মা শান্তি পাবে না।