আরও দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় করার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরও দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ৭৩৮ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে এসব বিদ্যালয় স্থাপন করা হবে। এই ব্যয় নির্বাহ করা হবে সরকারের নিজস্ব আয়ের উৎস থেকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। দেশের যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই বা প্রয়োজনের তুলনায় কম, সেসব এলাকা চিহ্নিত করে এসব বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব বিদ্যালয় স্থাপন প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য আজ মঙ্গলবার একনেকের বৈঠকে উত্থাপনের সম্ভাবনা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে এই প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। ২০১০ সালের জুলাই থেকে ২০১৪ সাল পর্যন্ত পর্যায়ক্রমে এসব বিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথা বলা হয়েছে প্রকল্প প্রস্তাবে। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান প্রথম আলোকে বলেন, দেশে এখন ৩৭ হাজার ৬৭২টি সরকারি এবং ২০ হাজার নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়গুলোকে সম্পূর্ণ সরকারিকরণের বিষয়টি প্রক্রিয়াধীন। এখন দেশে বিদ্যালয়ে যাওয়ার মতো শিশুর সংখ্যা বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে। এ বাস্তবতায় আগামীতে বিদ্যালয়সংকট হতে পারে—এই বিষয়টি বিবেচনায় রেখে নতুন করে বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।সচিব বলেন, বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো গেলে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অনেকটাই সম্ভব হবে। প্রতিটি বিদ্যালয় ৩৩ শতাংশ জায়গার ওপর নির্মিত হবে। এসব বিদ্যালয়ে উন্নত স্যানিটেশন ও পানি সরবরাহের ব্যবস্থাও করা হবে।বিদ্যালয় নির্মাণ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তাদের বেতন-ভাতা ধরা হয়েছে ৫১ কোটি ৬৪ লাখ টাকা। এ ছাড়া বাড়ি ভাড়া ২৬ কোটি ৮০ লাখ, সরবরাহ সেবা খাতে ১০০ কোটি টাকা, যানবাহন ক্রয়ে ৫০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। পরামর্শক ফি-সহ নানাবিধ খরচও অন্তর্ভুক্ত রয়েছে এ প্রকল্পে।