আরও দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর আরও দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ দেওয়া) করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জেলাওয়ারি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে এ তালিকা করার সুপারিশ করা হয়েছে।গতকাল সোমবার দুপুরে সংসদ ভবনে কমিটির এক সভায় এ মত প্রকাশ করা হয়। জানা গেছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যথাযথ নিয়ম অনুসরণ করছে না, সেগুলোকে নিয়মের আওতায় আনতে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।সভায় গত বছরগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ার কারণে যে জট সৃষ্টি হয়েছে, তা দূর করতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া গতকালের সভায় এই খাতে বাজেটের বরাদ্দ থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকস্বল্পতা দূর করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি রাশেদ খান মেনন সভায় সভাপতিত্ব করেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মির্জা আজম, হুইপ শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, শাহ আলম, মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।জানা যায়, ক্ষোভ-বিক্ষোভের মুখে গত ১৬ জুন তৃতীয়বারের মতো এক হাজার ৬১২টি বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়। এর আগে গত ৩১ মে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এক হাজার ৪৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। এরও আগে গত ৭ মে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় এক হাজার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছিল। প্রথম দফার শিক্ষামন্ত্রীর তালিকা এবং দ্বিতীয় দফার প্রধানমন্ত্রীর উপদেষ্টার তালিকা সমন্বয় করে তৃতীয় দফায় মোট এক হাজার ৬১২টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হয়। তখন বলা হয়েছিল, চলতি অর্থবছরে এমপিও খাতে টাকা বরাদ্দ রাখা হবে। কিন্তু জাতীয় বাজেটে এই খাতে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি।