আরও দেড় হাজারের বেশি রোহিঙ্গা ঢুকেছে
বিজিবি-কোস্টগার্ডের কড়া সতর্কতা সত্ত্বেও মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত আরও দেড় হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ও অন্যান্য সূত্রের হিসাবে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনা-পুলিশের অত্যাচার-নির্যাতন শুরুর পর থেকে এ পর্যন্ত ১৬ হাজারেরও বেশি রোহিঙ্গা এসেছে।
রোহিঙ্গারা নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন স্থানে ঠাঁই নিচ্ছে। তাদের অনেকে প্রথমে টেকনাফের লেদা ও উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শিবিরে আসছে। পরে একটি অংশ কক্সবাজার শহরের দিকেও চলে যাচ্ছে। স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বলছেন, শহর ও অন্যান্য স্থানে আগে থেকে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে নতুন আসা রোহিঙ্গারা মিশে গেলে সমস্যা হবে।
গত ৯ অক্টোবর রাখাইন সীমান্তে তিনটি পুলিশ ফাঁড়িতে হামলায় পুলিশের ৯ সদস্যসহ ১৪ জন নিহত হওয়ার পর সেখানে সেনা-পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়। রোহিঙ্গাদের ধরপাকড়, হত্যা, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ চলছে। এ পরিস্থিতিতে রোহিঙ্গারা পালিয়ে আসছে কক্সবাজারে। রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে আছে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ।
গতকাল দুপুরে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে গিয়ে দেখা গেছে, ঝুপড়ি ঘরের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছেন রোহিঙ্গা নারী মদিনা খাতুন। অন্য প্রান্তে ছিলেন রাখাইন রাজ্যের বলিবাজারে থাকা তাঁর মামা মনু মিয়া। মনু মিয়া জমির ধান লুট হওয়ার খবর দিলেন। এ প্রান্ত থেকে মদিনা বলেন, ‘সুযোগ পেলে তোমরাও চলে এসো।’
গতকালও নাফ নদীতে ভাসতে থাকা বেশ কিছু নৌকায় শত শত রোহিঙ্গাকে দেখা গেছে। সকালে টেকনাফে ঢোকার সময় বিজিবি ছয়টি নৌকায় থাকা শতাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।
লেদা রোহিঙ্গা শিবিরের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দেড় হাজার রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছে। গতকাল বিকেল থেকে টেকনাফ ও রাখাইন রাজ্যে হালকা বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি হলে আরও রোহিঙ্গা টেকনাফে ঢুকতে পারে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ (উখিয়া-টেকনাফ) শাহজাহান চৌধুরী বলেন, ‘মানবিক কারণে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিতে বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আমরাও চাই রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক। শর্ত থাকতে হবে, যারা আসবে, তাদের পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট একটি জায়গায় রাখতে হবে। যেন সেখান থেকে তাড়াতাড়ি মিয়ানমারে ফেরত পাঠানো যায়।’
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান রোহিঙ্গাদের জন্য সাময়িকভাবে সীমান্ত খুলে দেওয়ার পক্ষে।
সীমান্ত খুলে দেওয়ার দাবির তীব্র বিরোধিতা করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ (উখিয়া-টেকনাফ) মোহাম্মদ আলী।