
মেলা এখন পরিণত। গতকাল ছিল মেলার অষ্টম দিন। প্রকাশকদের পরিকল্পনা অনুযায়ী তালিকার অর্ধেক বই মেলায় এসেছে। পথে আছে আরও অর্ধেক।
যত দিন বাড়ছে, প্রকৃতিতে বসন্তের বার্তা তত স্পষ্ট হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের গাছে গাছে ফুলের গন্ধে প্রকৃতিতে এখন ভালো লাগার অন্য রকম এক আবহ। ‘অমর একুশে গ্রন্থমেলা’র পরিচ্ছন্ন-পরিপাটি পরিবেশ সেই আবহকে যেন আরও কাঙ্ক্ষিত করে তুলেছে। বসন্তের আগমনী বাতাস লেগেছে মেলায়ও। গেল সপ্তাহটা ঘুরেফিরে ক্যাটালগ সংগ্রহ করে কেটেছিল। এখন তালিকা ধরে বই কিনছেন পাঠকেরা। গতকাল ছোট-বড় প্রায় সব কটি প্রকাশনা সংস্থার স্টলের সামনে পাঠক, দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে।
নতুন বই কী পরিমাণ আসছে? এ প্রশ্ন নিয়ে গতকাল বুধবার মেলামাঠে ঘুরে বেড়ালে জানা যায়, পরিকল্পনার ৫০ শতাংশ বই ইতিমধ্যে মেলায় নিয়ে এসেছেন প্রকাশকেরা। তবে এবার নতুন বই আনতে খানিকটা হিমশিম খাচ্ছেন তাঁরা। নবযুগ প্রকাশনীর অশোক রায় নন্দী জানালেন, বাঁধাইখানার ব্যস্ততার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি বেশ কিছু বই এখনো মেলায় আনতে পারেননি। কেননা, রাজধানীর বাঁধাইখানাগুলোতে পাঠ্যবইয়ের পুনর্মুদ্রণ, নতুন বছরের ডায়েরি বাঁধাইসহ নানা কাজের ব্যস্ততা। সময় প্রকাশনের ফরিদ আহমেদ জানালেন, তাঁর নিজস্ব ছাপাখানা আছে। বেশ কিছু বই তৈরি হলেও প্রচ্ছদশিল্পীর ব্যস্ততার কারণে তা চূড়ান্ত করা যাচ্ছে না। নিজের প্রতিষ্ঠানেও শিডিউল পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তিনি জানালেন মেলায় সময় প্রকাশন ইতিমধ্যে প্রকাশ করেছে মুনতাসীর মামুনের রাজাকারের মন, আবদুল মান্নান সৈয়দের নির্বাচিত কবিতা, আনিসুল হকের প্রিয়তমা, তোমাকে এবং সুমন্ত আসলামের হাফ সার্কেল।
তাম্রলিপির এ কে এম তারিকুল ইসলামকে দেখা গেল দারুণ ব্যস্ত। তাঁর প্রতিষ্ঠানের সামনে গতকাল নতুন বইয়ের তিনজন লেখক এসেছিলেন। মুহম্মদ জাফর ইকবাল, গুলতেকিন খান ও ইয়াসমিন হক। জাফর ইকবাল বেশ খানিকটা সময় স্টলের বাইরে থেকে কিশোর ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন। মেলায় তাম্রলিপি এনেছে হুমায়ূন আহমেদের মায়ের লেখা বই শেষ চিঠি, গুলতেকিন খানের দূর দ্রাঘিমায়, ইয়াসমিন হকের সাস্টে ২২ বছর। তারিকুল ইসলাম জানান, সব সময় পরিকল্পনা থাকে প্রথম সপ্তাহে সব বই নিয়ে আসার জন্য। কিন্তু পাণ্ডুলিপি দেরিতে পাওয়াসহ নানা জটিলতায় দেরি হয়ে যায়। জয়তী প্রকাশনীর মাজেদুল হাসান জানালেন, বইমেলা ঘিরে ৪০টি নতুন বই থাকলেও ব্যস্ততার কারণে এখন পর্যন্ত ১৪টি বই আনতে পেরেছেন। এই প্রতিষ্ঠান থেকে এসেছে আল মাহমুদের লেখা নতুন কবিতার বই তোমাকে হারিয়ে কুড়িয়ে পেয়েছি।
প্রথমা প্রকাশনে আরও নতুন বই
সোহরাওয়ার্দী উদ্যানের মূল প্রবেশপথ দিয়ে ঢুকেই বাঁ পাশে একটু এগিয়ে প্রথমা প্রকাশনের সুসজ্জিত স্টল। বিকেল থেকে ভিড় দেখা গেছে প্রথমা প্রকাশনের স্টলের দুই পাশে। এখানে ছিলেন লেখক আনিসুল হক। ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া তাঁর নতুন-পুরোনো বইগুলোতে। প্রথমা প্রকাশন থেকে এসেছে সৈয়দ শামসুল হকের শব্দই চিকিৎসিত করে এবং হে বৃদ্ধ সময়, আনিসুল হকের প্রিয় এই পৃথিবী ছেড়ে, মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০, উৎপল শুভ্রর কল্পলোকে ক্রিকেটের গল্প, রকিব হাসানের হাতকাটা ভূত ইত্যাদি।
প্রথমা প্রকাশনের এবারের মেলায় আসা বইয়ের তালিকায় আরও আছে ড. কামাল হোসেনের মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল ও তানজিনা হোসেনের এলিনা। এর মধ্যে মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল বইটিতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমি, বিশেষ করে যুদ্ধ শুরুর পূর্ববর্তী দিনগুলোর ঘটনাপ্রবাহের অন্তরঙ্গ ও বস্তুনিষ্ঠ বিবরণ পাওয়া যাবে বলে জানান প্রথমার একজন বিক্রয়কর্মী।
গতকাল এসেছে ১০৯টি বই
মেলায় গতকাল নতুন বই এসেছে ১০৯টি। ১৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। নতুন বইয়ের তালিকায় অন্যপ্রকাশ এনেছে সৈয়দ মনজুরুল ইসলামের একাত্তর ও অন্যান্য গল্প, প্রভাষ আমিনের সুখী মানুষের জামা, বিপ্লবীর কথা এনেছে আহমদ রফিকের ভাষা-আন্দোলনে কমিউনিস্ট, শ্রাবণ প্রকাশনী এনেছে তানিয়া খুশবু রাখির আলোকপাখি ও ক্ষরণ, কথা প্রকাশ এনেছে মাহবুব আজীজের নি:সঙ্গতার মতো একা, ঐতিহ্য এনেছে ইমরান মাহফুজের দীর্ঘস্থায়ী শোকসভা, রূপপ্রকাশন এনেছে রণজিৎ সরকারের ফার্স্ট গার্লের সেলফি কাণ্ড।
বিকেলে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘সরদার জয়েনউদ্দীনের জন্মশতবার্ষিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী, সরদার জয়েনউদ্দীনের ছেলে জ্যোতি জয়েনউদ্দীন এবং মোবাশ্বিরা ফারজানা। সভাপতিত্ব করেন মোহাম্মদ জয়নুদ্দীন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল লোকগানের পরিবেশনা।
আজ মেলার নবম দিনে বিকেল চারটায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলা ভাষায় ইতিহাসচর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক মো. মাহবুবর রহমান। আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক মেসবাহ কামাল ও আশফাক হোসেন। সভাপতিত্ব করবেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংশোধনী: গতকাল বুধবার নতুন বইয়ের তালিকায় সময় প্রকাশন থেকে আসা রূপচানের আশ্চর্য কান্না বইটির লেখকের নাম ভুলক্রমে ছাপা হয়েছিল আনিসুল হক। প্রকৃতপক্ষে এই বইটির লেখক মাসউদ আহমাদ। দুঃখিত।