আরও নৌকাডুবি, ১৭ রোহিঙ্গার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌকাডুবিতে নিহত এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া সৈকত থেকে তোলা। ছবি: গিয়াস উদ্দিন
নৌকাডুবিতে নিহত এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া সৈকত থেকে তোলা। ছবি: গিয়াস উদ্দিন

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবেছে। উদ্ধার করা হয়েছে ১৭ জন রোহিঙ্গার লাশ।

মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত রোহিঙ্গাবাহী ১১টি নৌকা নাফ নদী ও সাগরে ডুবে যায়। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় গতকাল রাত ১০টা থেকে আজ রাত আটটা পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় আজ টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১৭ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া উপকূল থেকে অসুস্থ অবস্থায় এক রোহিঙ্গাকে আজ উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দিন খান প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টা থেকে আজ রাত ৮টা পর্যন্ত ১৭ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শাহপরীর দ্বীপ থেকে ৪ জনের, টেকনাফ সদর থেকে ১০ জনের ও বাহারছড়া উপকূলীয় এলাকা থেকে ৩ জনের লাশ উদ্ধার হয়েছে। ১৭ জনের মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী ও ৯ শিশু রয়েছে।

গত ২৯ আগস্ট রাত থেকে এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় প্রায় ৯১ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হলো।

মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের মুখে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে প্রতিদিনই শত শত রোহিঙ্গা বাংলাদেশে আসছে। ঝুঁকিপূর্ণ এই পারাপারে নৌকা ডুবে প্রাণহানি ঘটছে।